২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলাকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিলেন লিবির ভাই

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলাকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন আল কায়দার নিহত দ্বিতীয় শীর্ষনেতা আবু ইয়াহিয়া আল লিবির ভাই আবু বকর আল কায়েদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ত্রিপোলি, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলাকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন আল কায়দার নিহত দ্বিতীয় শীর্ষনেতা আবু ইয়াহিয়া আল লিবির ভাই আবু বকর আল কায়েদ। একইসঙ্গে মানবাধিকারে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার যে দাবি যুক্তরাষ্ট্র করছে তা নিরর্থক বলেও মন্তব্য করেন তিনি। বুধবার টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আবু বকর। মঙ্গলবার লিবীয় বংশোদ্ভূত লিবিকে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্যাঞ্চলে ড্রোন হামলায় হত্যা করেছে যুক্তরাষ্ট্র। ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় ওয়াদি ওতবা থেকে আবু বকর বলেন, “মানবাধিকার ও সবার জন্য স্বাধীনতার কথা বলে যুক্তরাষ্ট্র। তবে যে পদ্ধতিতে লিবিকে হত্যা করা হয়েছে তা বর্বর। “আমরা এখন ২১ শতকে রয়েছি। তারা নিজেদেরকে সভ্য দাবি করে। আর এভাবে লোকজনকে হত্যা করে।” তিনি বলেন, “আমার ভাইয়ের আদর্শ বা বিশ্বাস যাই হোক না কেন, সর্বোপরি সে একজন মানুষ এবং ভালো আচরণ তার প্রাপ্য।” যুক্তরাষ্ট্র মনে করে, লিবি ছিলেন একজন জঙ্গি বিশেষজ্ঞ এবং আল কায়েদার হামলা বিষয়ক পরিকল্পনাকারী। এদিকে লিবির ভাই জানান, লিবি (তার আরেক নাম মোহাম্মদ হাসান আল কায়েদ) ছিলেন রসায়নের ছাত্র। কিন্তু গাদ্দাফির দলে ভিড়ে সে পাল্টে যায়। ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক আবু বকর বলেন, “আমাদের পরিবারটা ধার্মিক এবং স্কুলে আমরা ইসলাম বিষয়ে পড়েছি। লিবি খুব ভালো ছাত্র ছিলো আর পড়ালেখার জন্যই তাকে লিবিয়া ছাড়তে হয়েছিলো। “নিজের দৃষ্টিভঙ্গির জন্য লিবিয়ায় অবদমিত হয়ে বিদেশে পড়ালেখা করতে যাওয়ার সময় ১৯৯০ সালে তার সঙ্গে আমাদের শেষবারের মতো দেখা হয়েছিলো।” ভাইয়ের মৃত দেহ খুঁজে বের করে শহীদের মর্যাদায় দাফনের সুযোগ দিতে লিবিয়ায় পাঠানোর জন্য পাকিস্তান সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অনুরোধও জানান তিনি। গত কয়েক বছর ধরে গোপন একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মসূচির অধীনে কয়েক হাজার মাইল দূর থেকে চালকবিহীন বিমান হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে দূরনিয়ন্ত্রিত একটি মাত্র বাটন চেপে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। সক্রিয় কোনো যুদ্ধক্ষেত্রে হামলা চালানো হয়না বলে ড্রোন হামলাকে অবৈধ হিসেবে মনে করে মানবাধিকার সংগঠনগুলো। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক আইনে ড্রোন হামলা চালানোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। আর এ ধরনের হামলায় ভয়ঙ্কর বিদ্রোহীদের হত্যা করে আমেরিকানদের জীবনকে নিরাপদ করা হচ্ছে বলেও দাবি করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১৮ ঘ.