যুক্তরাষ্ট্র, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আদিবাসী অঞ্চলে সোমবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলাটির লক্ষ্য ছিল আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল লিবি। ওই হামলায় ১৫ জন নিহত হয়।
নিউ ইয়র্ক টাইমসকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতাই ছিলেন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালানো ওই হামলার লক্ষ্য। তবে ওই হামলায় লিবি নিহত হয়েছেন তা নিশ্চিত করেননি কোনো কর্মকর্তা।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওই অঞ্চলটি তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের সূত্র জানায়, এর আগে ড্রোন হামলা থেকে বেঁচে যাওয়া আল কায়দা নেতা আবু ইয়াহিয়া আল লিবিকে লক্ষ করে সোমবার উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালানো হয়।
লিবিয়ার জঙ্গি ইয়াহিয়াকে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির একজন ঊর্ধ্বতন সহযোগী হিসেবে বিবেচনা করে মার্কিন কর্মকর্তারা। আল কায়েদার প্রচারিত ভিডিওচিত্রে প্রায়ই তাকে দেখা যায়। যুক্তরাষ্ট্র পরিচালিত আফগানিস্তানের এক কারাগার থেকে একবার পালিয়েছিলেন লিবি।
পাকিস্তানের বিভিন্ন উৎেেস ক পাওয়া ত্য অনুযায়ী, শনি-সোমবার পর্যন্ত পাকিস্তানের সীমান্তবর্তী আদিবাসী এলাকায় তিন দফা ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে প্রায় ৩০ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্র অবশ্য এ তথ্য অস্বীকার করেনি।
গত ২১ মে শিকাগোতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যোগ দেওয়ার পর এ পর্যন্ত পাকিস্তানে আটবার ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে পাকিস্তানের সরকার জানিয়েছে, পেশোয়ার সীমান্তে তিন মার্কিনি ও তিনজন পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক তিন মার্কিন নাগরিককে পুলিশ কূটনীতিক হিসেবে অভিহিত করলেও তারা নিজেদেরকে কনস্যুলেট নিরাপত্তা রক্ষী হিসেবে পরিচয় দিয়েছে।
পুুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মালাকান্দ শহরের এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর পেশোয়ারে যাওয়ার পথে মার্কিন নাগরিকদেরকে আটক করা হয়।
অবশ্য আটকের অল্প কিছু সময়ের মধ্যেই তাদের মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২০ ঘ.
bdnews24