লন্ডন, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্দিষ্ট সময়ের আগেই যে শিশুদের জন্ম হয়, সেইসব শিশুর গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এসব শিশুরা মনোবৈকল্য, দ্বিমেরু সমস্যা ও বিষন্নতার মতো সমস্যায় ভুগতে পারে।
সম্প্রতি ব্রিটিশ ও সুইডিশ গবেষকদের করা এক গবেষণা ফলাফলে এমন কথাই বলা হয়েছে। আগামী সোমবার গবেষণাটির ফলাফল ‘দি আর্কাইভস্ অব জেনারেল সাইকিয়াট্রি’ সাময়িকীতে প্রকাশিত হবে।
গবেষকরা দেখতে পান, ৩২ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের স্বাভাবিক সময়ে জন্ম নেওয়া শিশুদের চেয়ে মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি। এসব প্রিম্যাচিউর শিশুদের বয়স ১৬ বছর পার হওয়ার পর প্রায়ই তাদের গুরুতর মানসিক সমস্যার কারনে হাসপাতালে ভর্তি করতে হয়।
গবেষকদের ধারণা, ৪০ সপ্তাহে মাতৃগর্ভে শিশুর পূর্ণবিকাশ সম্পন্ন হয়। এরআগে জন্মগ্রহণকারী শিশুদের মস্তিষ্কের বিকাশে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থেকে যায়।
পরিস্থিতির ওপর নির্ভর করে ঝুঁকির মাত্রারও হেরফের হয়। স্বাভাবিক শিশুদের তুলনায় ৩২ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের মনোবৈকল্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২ দশমিক ৫ গুণ বেশি, বিষণœতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩ গুণ বেশি আর দ্বিমেরু সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৭ দশমিক ৪ গুণ বেশি।
এছাড়া ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে জন্ম নেওয়া শিশুদেরও উল্লেখ করার মতো মানসিক সমস্যার ঝুঁকি থেকে যায় বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষক দলের প্রধান লন্ডন কিংস কলেজের সাইকিয়াট্রি ইন্সটিটিউটের চিয়ারা নোসারতি জানান, “নির্দিষ্ট সময়ের আগে জন্ম ও মনোরোগের মধ্যে সরাসরি সম্পর্ক আছে বলে প্রমাণ পাওয়া গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯০২ ঘ.
bdnews24