২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় ক্ষোভ

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের কারাদণ্ড হলেও অন্যান্য অভিযুক্তদের বেকসুর খালাসের প্রতিবাদে রাজধানী কায়রোয় ক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

কায়রো, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের কারাদণ্ড হলেও অন্যান্য অভিযুক্তদের বেকসুর খালাসের প্রতিবাদে রাজধানী কায়রোয় ক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ। তাহরির স্কয়ারে শনিবার রাতভর বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রোববার সকালেও সেখানে অবস্থান করছে কয়েকশ মানুষ। নতুন করে আরো বিক্ষোভের ডাক দিয়েছে তারা। বিক্ষোভকারীদের অনেকেই মুবারকের মৃত্যুদণ্ড চাইছে। গত বছর সরকার বিরোধী গণআন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেয় মুবারক প্রশাসন। এতে প্রায় ৮৫০ জন আন্দোলনকারী নিহত হয়। ওই হত্যাকাণ্ডের অভিযোগেই শনিবার হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু মুবারকের সঙ্গে বিচারকের কাঠগড়ায় দাঁড়ানো উর্ধ্বতন কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চার কর্মকর্তা ও স্থানীয় দুই প্রধান নিরাপত্তা কর্মকর্তা বেকসুর খালাস পাওয়ায় জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। কায়রো ছাড়াও আলেকজান্দ্রিয়া, সুয়েজ ও মানসুরা শহরেও লোকজন এ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। মুবারক আমরেল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খালাস পাওয়ায় পুরোনো প্রশাসনের প্রভাব এখনো অক্ষুন্ন বলেই মনে করছেন জনগণ। আর কারাদণ্ড পাওয়া মুবারক এখন আবেদনের ভিত্তিতে খালাস পেয়ে যেতে পারেন বলেও জনগণ উদ্বিগ্ন। এক বিক্ষোভকারীর উক্তি, “এ রায় সুষ্ঠু না। আর তাই জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তাহরির স্কয়ার আবার বিক্ষোভকারীতে ভরে উঠবে। মিশরে ন্যায় বিচার পাওয়ার একমাত্র পথ বিক্ষোভ। কারণ এখানকার সব প্রতিষ্ঠান এখনো মুবারকের লোকজনের নিয়ন্ত্রণাধীন।” বিক্ষোভকারীদের কেউ কেউ মিশরে প্রেসিডেন্ট নির্বাচন বাতিলেরও দাবি জানাচ্ছে। কারণ, ১৬-১৭ জুনে মিশরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই হবে মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিক এবং মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মেদ মুরসির মধ্যে। এ দুই প্রার্থীর কাউকেই প্রেসিডেন্ট পদে বিশ্বাসযোগ্য মনে করে না মিশরীয়রা। আর তাই ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন ঠেকানোরও চেষ্টা নেবে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা জানিয়েছে, সোমবার ও বুধবার তারা পদযাত্রার ডাক দেবে এবং শুক্রবার লাখ লাখ মানুষের বড় ধরনের পদযাত্রায় নামার পরিকল্পনা রয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৩২ঘ.