২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোসনি মুবারকের যাবজ্জীবন কারাদণ্ড

বক্ষোভকারীদের গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

কায়রো, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিক্ষোভকারীদের গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার বিচারক আহমেদ রিফাতের দেওয়া রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদিলকেও একই সাজা দেওয়া হয়। তবে, মুবারক ও তার দুই ছেলে- জামাল ও আলা- দুর্নীতির ভিন্ন অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। আদালত রায় পড়ে শোনানোর সময় বাইরে চলছিল চিৎকার ও উল্লাসের ঢেউ। এসময় অনেকেই আদিলের জ্যেষ্ঠ দুই সহযোগীকে অব্যাহতি দেওয়ার আদালতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে ওই দু’জনের বিরুদ্ধেও ব্যাপক অভিযোগ রয়েছে। অভিযুক্ত আরো ছয় নিরাপত্তা কর্মকর্তাকে আদালত অব্যাহতি দিয়েছে। ২০১১ সালে আরব বসন্ত শুরুর পর ক্ষমতাচ্যুত মধ্যপ্রাচ্যের চার শাসকের মধ্যে এই প্রথম কোনো শাসক সাধারণ আদালতে বিচারের মুখোমুখী হলেন। মিশরে রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে এ রায় হলো যখন দেশটির প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আর মাত্র দু সপ্তাহ বাকি। এ নির্বাচনে মুবারকের সময়ে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রার্থীর সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের এক সমর্থকের প্রতিদ্বন্দ্বিতা হবে। হাসপাতালের স্ট্রেচারে করে মুবারককে আদালতে আনা হয়। কালো সানগ্লাস পরিহিত সাবেক এই স্বৈরশাসক এ সময় অনেকটা নির্বিকার ছিলেন। অন্য আসামীরাও আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বাইরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে এ রায়কে স্বাগত জানান এবং ‘আল্লাাহ আকবর’ বলে ধ্বনি দেয়। এদের মধ্যে অনেকেই মুবারকের মৃত্যুদণ্ড দাবি করে আসছিল। গত ১১ ফেব্র“য়ারি মুবারককে উচ্ছেদ করতে রাজপথে বিক্ষোভের সময় নিহত প্রায় ৮৫০ ব্যক্তির মধ্যে একজনের স্ত্রী পরিচয়দানকারী সোহা সাঈদ চিৎকার করে বলছিলেন, “আমি খুব খুশি, আমি খুব খুশি।” আদালতের মধ্যে রক্ষীদের সঙ্গে বেষ্টনীর মধ্যে কয়েকজন ব্যক্তি মৃত্যুদণ্ড দাবি করে মুবারক-যুগের বিচার ব্যবস্থার সমালোচনা করে। তারা চিৎকার করে বলছিল, “জনগণ বিচার ব্যবস্থার সংস্কার চায়।” এদের মধ্যে একজনের হাতে মুবারকের ফাঁসির দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল এবং অন্যরা মৃতুদণ্ডের দাবিতে চিৎকার করছিল। বিচারক রিফাত আহমেদ গত ৩ আগস্ট মুবারকের বিচার শুরু হওয়াকে ‘ঐতিহাদিক দিন’ আখ্যা দিয়ে বিচার কাজ শুরু করেন। তিনি মিশরের জনগণকে তাদের নেতাকে উচ্ছেদের জন্য স্বাগত জানান। আদালতে তিনি বলেন, “৩০ বছরের গভীর, গভীর, গভীর অন্ধকারের পর ...... মুক্ত হাওয়ায় সজীব নিঃশ্বাসের প্রত্যাশায় ২৫ জানুয়ারি মঙ্গলবার এক নতুন ভোরে জেগে উঠে মিশরের জনগণ।” বিচারক রায় ঘোষণার আগ মুহূর্তে আদালতে ছিল পিনপতন নিরবতা। এরপরই উচ্ছ্বসিত জনতা উল্লাসে ফেটে পড়ে। এসময় মুবারকবিরোধী সমর্থকরা বিক্ষোভকারী ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও তাদের ওপর পাল্টা হামলা চালায়। ‘ফেরাউন’-এর বিচার মুবারকের পতন হলেও বিক্ষোভের সময় নির্বিচারে জনতাকে হত্যাকারী তার সহযোগী পুলিশ কর্মকর্তারা এখনো বহাল থাকায় মিশরীয়রা বিক্ষুব্ধ। সামরিক হাসপাতালে নিরাপত্তা হেফাজতে থাকা মুবারককে একটি হেলিকপ্টারে করে শহরের বাইরের আদালতে নিয়ে আসা হয়। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কারাদণ্ডভোগের জন্য মুবারককে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর জেনারেল। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তার সহযোগী আসামীরা কয়েকমাস ধরে কায়রোর কারাগারে রয়েছে। পুলিশ একাডেমিতে ১০ মাসের এ আদালতের চারপাশ শত শত পুলিশ ঢাল ও ব্যাটন নিয়ে ঘিরে রেখেছিল। “অনেক হয়েছে, আমরা এবার ফাঁসি চাই,” রায়ের আগে অনেকের চিৎকার। রায়ের আগে হানাফি আল সাইদ বলেন, “মুবারকের মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু চাই না। এর অন্যথা হলে আমরা চুপ করে থাকব না, আবারো বিপ্লব ছড়িয়ে পড়বে।” হানাফির ২৭ বছর বয়সী ছেলে বিক্ষোভের সময় নিহত হয়। বিচার দেখতে তিনি আলেকজান্দ্রিয়া থেকে এসেছেন। ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে মুবারকের শাসনামলের সাবেক বিমানবাহিনী প্রধান আহমেদ ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসির সঙ্গে লড়বেন। শফিক তার সাবেক বসকে ‘আদর্শ নায়ক’ বলেছেন। তার ইসলামপন্থী বিরোধী বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুবারককে আজীবন কারাগারে রাখার জন্য পর্যাপ্ত প্রমাণ নিশ্চিত করবেন। মুরসি বলেন, “মুবারককে মুক্তি দেওয়া সম্ভব নয়। আমি প্রতিজ্ঞা করছি শহীদেরা অধিকার সম্পূর্ণভাবে সংরক্ষণ করবেন, ইনশাল্লাহ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এইচএএইচ/এইচএ/১৮৫২ ঘ.