২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় রণতরী বাড়াবে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র নৌঘাঁটি করতে চাইছে- ভারতের বিশ্লেষকদের এই দাবির মধ্যে সিঙ্গাপুরে নিরাপত্তা সংলাপে এই ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

সিঙ্গাপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রণতরীর সংখ্যা আরো বাড়ানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি শনিবার বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি বিমানবাহী রণতরী সবসময় মোতায়েন থাকবে। আগামী বছরগুলোতে যুদ্ধজাহাজ বহরের অধিকাংশ জাহাজকে এই অঞ্চলে পাঠানো হবে। বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র নৌঘাঁটি করতে চাইছে- ভারতের বিশ্লেষকদের এই দাবির মধ্যে ‘সাংগ্রিলা সংলাপে’ লিওন প্যানেট্টার এই ঘোষণা এল। ভারতের টাইমস গ্রুপের টিভি চ্যানেল টাইমস নাউ-এ শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে তার নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। এশিয়া অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র সমরশক্তি বাড়াচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এনিয়ে উদ্বেগ রয়েছে ভারতেরও। তবে ৩০টি দেশের সামরিক ও বেসামরিক নেতারা অংশগ্রহণে অনুষ্ঠিত সাংগ্রিলা সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চীনকে মোকাবেলার প্রসঙ্গটি উড়িয়ে দিয়েছেন। তিনি বরং বলেছেন, “ওই ধরনের দৃষ্টিভঙ্গী আমি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এশিয়ার সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করা ও গভীর করে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই কৌশল চীনের উন্নয়ন ও প্রবৃদ্ধির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।” সিঙ্গাপুরে বার্ষিক এই বৈঠকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নতুন সামরিক কৌশলের বিস্তারিত তুলে ধরেন প্যানেট্টা। তিনি জানান, আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র তার নৌবহরের জাহাজগুলোর অবস্থান পুনর্বিন্যাস করে ২০২০ সালের মধ্যে ৬০ শতাংশ যুদ্ধজাহাজ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাখবে। এই এলাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবহরের ৫০ শতাংশ জাহেোজ মোতায়েন রছ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ১১টি বিমানবাহী রণতরীর মধ্যে ছয়টি বর্তমানে প্রশান্ত মহাসাগরে থাকলেও চলতি বছর ‘প্রশান্ত’ বহর থেকে ইউএসএস এন্টারপ্রাইজ রণতরীটি সরিয়ে নেওয়ার কথা। তাতে এই অঞ্চলে রণতরীর সংখ্যা পাঁচটি হয়ে যাবে। ২০১৫ সালে নির্মাণাধীন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এর কাজ শেষ হলে সেটি প্রশান্ত মহাসাগরের বহরে যোগ দেবে। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ২৮২টি রণতরী রয়েছে। আগামী দুই বছরে সংখ্যাটি ২৭৬-এ নেমে আসবে। কিন্তু পরবর্তী ৩০ বছরে নিজেদের জাহাজের সংখ্যা ৩০০টি করার লক্ষ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০৮ ঘ.