ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কিছু সমস্যার মুখে পড়েছে ফেইসবুক। আর এতে করে সামাজিক এ সাইটটি ব্যবহার করতে পারছেন না বেশ কিছু ব্যবহারকারী।
ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। কেউ কেউ একটানা দুই ঘণ্টা ফেইসবুকে ঢুকতেই পারেননি। আর সমস্যা কাটিয়ে ফেইসবুকে ঢুকতে পারলেও প্রতিটা পেজ লোড হতে দীর্ঘ সময় লাগছে বলে জানিয়েছে অনেকেই।
সামাজিক এই সাইটটির ব্যবহারকারীদের এমন দুর্ভোগের ব্যাপারে ক্ষমা চেয়ে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধান করা হয়েছে।
এক বিবৃতিতে ফেইসবুক কর্তৃপক্ষ জানায়, পেজ লোড হতে বেশি সময় লাগায় ব্যবহারকারীরা কিছুটা সমস্যার মুখে পড়েছিলেন। তবে এ সমস্যার সমাধান হয়েছে এবং এখন ফেইসবুক ভালোভাবে কাজ করছে।
তবে সমস্যার কারণ সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি বলে এনডিটিভি জানিয়েছে।
ব্যবহারকারীরা টুইটার, সংবাদ সাইট ও ব্লগে ফেইসবুকের সমস্যার কথা জানানোয় দ্রুত তা ছড়িয়ে পড়ে।
টুইটারে এক ব্যক্তি লেখেন, “ফেইসবুক তাদের শেয়ারের মতো কাজ করছে। এর কেবল অবনতিই হচ্ছে।”
হ্যাকিং গ্র“প অ্যানোনিমাস এর জন্য দায়ী হতে পারে বলে সংবাদ প্রকাশিত হলেও ইউরঅ্যানোননিউজ এ প্রকাশিত এক টুইটে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
বিশ্বাসযোগ্যতার কারণে সুনাম অর্জনকারী ফেইসবুক কোম্পানির শেয়ার নিয়ে চলমান সংকটের মুখে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। গত ১৮ মে নাসদাক শেয়ার বাজারে তারা শেয়ার ছাড়ে। এরপর থেকে এর প্রায় ২৩ শতাংশ দরপতন ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৭ ঘ.
bdnews24