ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক তার বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন কিনা এ বিষয়টি নিষ্পত্তিতে কায়রোর একটি আদালত শনিবার সিদ্ধান্ত জানাবে।
মুবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিসহ আরো চারসহযোগীর বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি ছুঁড়তে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে ছয়জনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ অপরাধ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে বলে বিবিসি জানিয়েছে।
মুবারকের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়া ছাড়াও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। একই অভিযোগ রয়েছে তার দুই ছেলে আলা এবং গামালের বিরুদ্ধে।
মুবারকের অপর এক সহযোগী ধনকুবের হুসেইন সালেমের অনুপস্থিতিতে তার বিচারকার্য চলছে।
গত বছর আরব দেশগুলোকে একনায়কদের বিরুদ্ধে¦ গণআন্দোলন শুরু হয়। ওই গণআন্দোলনে একে একে পতন হয় তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও ইয়েমেনের একনায়কদের।
এই শাসকদের মধ্যে মুবারকের অপরাধ প্রমাণেই প্রথম আইনি প্রক্রিয়া শুরু হয়।
তিউনিসিয়ার বেন আলি মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে গত বছরের জুলাইয়ে দোষী সাব্যস্ত হন। তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হয়।
অন্যদিকে ইয়েমেনের আলি আবদুল্লাহ সালেহ তার কোনো অপরাধের বিচার করা যাবে না শর্তে গত বছরের নভেম্বরে ক্ষমতা হস্তান্তর করেন।
আর লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি গত অক্টোবরে বিদ্রোহীদের হাতে মারা যান।
গত বছরের মে মাসে মিশরের প্রসিকিউটর জেনারেল ঘোষণা করেন, ৮৫০ জন নিরস্ত্র আন্দোলনকারীকে হত্যা, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে মুবারককে বিচারের মুখোমুখি হতে হবে।
অগাস্ট মাসে মুবারককে স্ট্রেচারে করে আদালতে নিয়ে আসা হয়। মুবারক হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।
মুবারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর পর থেকে বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। আন্দোলনকারীদের হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শীরা কেউই মুবারকে দোষী সাব্যস্ত করার মতো কোনো সাক্ষ্য দিতে পারছেন না। প্রথম পাঁচ সাক্ষী তাদের প্রাথমিক জবানবন্দিতে জানিয়েছেন, পুলিশ কমান্ডাররা সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন।
দেশটির সর্বোচ্চ সামরিক পরিষদের প্রধান ফিল্ডমার্শাল মোহাম্মেদ হোসেইন তানতাবি গোপন সাক্ষ্যে জানিয়েছেন, সেনাবাহিনীকে কখনোই আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়া হয়নি।
গত বছরের সেম্পেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মুবারকের বিচারকার্য স্থগিত থাকার পর চলতি বছরের জানুয়ারিতে তা আবারও শুরু হয়। বিচারের চূড়ান্ত পর্যায়ে প্রধান আইন কর্মকর্তা এই বলে তর্ক করেন, এটি অসম্ভব যে, মুবারক পুলিশকে চূড়ান্তভাবে আগ্রাসী হওয়ার নির্দেশ দেননি। তিনি ৮৪ বছর বয়সী সাবেক শাসক মুবারককে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানান।
কিন্তু এর বিপক্ষে যুক্তি তুলে ধরা হয়, আন্দোলনকারীদের হত্যার সময় দেশের নিরাপত্তার দায়িত্ব ছিল সেনা বাহিনীর হাতে। কেননা, মুবারক দেশে জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী প্রধানের হাতে তুলে দিয়েছিলেন। আর ওই সময়েই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। ফলে পুলিশ কখনোই মুবারকের কাছ থেকে হত্যার নির্দেশ পেতে পারে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪২ ঘ.
bdnews24