২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ বছর পর মিশরের জরুরি অবস্থা প্রত্যাহার

দীর্ঘ ৩১ বছর পর মিশরের জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। ১৯৮১ সালে দেশটির প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর থেকে মিশরে জরুরি অবস্থা জারি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৩১ বছর পর মিশরের জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। ১৯৮১ সালে দেশটির প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর থেকে মিশরে জরুরি অবস্থা জারি ছিল। গত বছরের শুরুর দিকে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল এই জরুরি অবস্থা প্রত্যাহার। মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির শাসনকার্য পরিচালনাকারী সেনা পরিষদ জানিয়েছে, তারা এই আইন আর নবায়ন করতে চায় না। বৃহস্পতিবার মধ্যরাতে এই আইনের মেয়াদ শেষ হয় বলে বিবিসি জানায়। মিশরের ক্ষমতাসীন সর্বোচ্চ পরিষদ এবং সেনা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দেশকে রক্ষায় তাদের যে দায়িত্ব তা তারা পালন করে যাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার মিশরীয় সেনা পরিষদের এই সিদ্ধান্তকে দেশটির গণতন্ত্রে উত্তরণের পথে এটি যথাযথ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। মুবারকের শাসনা নিরঙ্কুশ রাখতে জরুরি আইন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি এই আইন তুলে নেবেন বলে অনেকবার অঙ্গীকার করলেও তা তিনি ভঙ্গ করেছেন। তবে মিশরীয়দের একাংশ এই ভেবে আতঙ্কিত যে, দেশটির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিকালে এই আইন তুলে নেওয়ায় রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হতে পারে। আগামী ১৬-১৭ জুন মিশরে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরশি এবং সাবেক বিমান বাহিনী প্রধান ও মুবারকের শাসনামলের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৫ ঘ.