২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির সঙ্গে সম্পৃক্ততার কথা নাকচ জঙ্গিদের

ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইএ’কে সহায়তাকারী পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির সঙ্গে সম্পৃক্ততার কথা নাকচ করেছে জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

পেশাওয়ার, পাকিস্তান, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইএ’কে সহায়তাকারী পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির সঙ্গে সম্পৃক্ততার কথা নাকচ করেছে জঙ্গিরা। পাকিস্তানের লস্কর-ই-ইসলাম জঙ্গি দল (এলআই) বৃহস্পতিবার বলেছে, আফ্রিদির সঙ্গে তাদের কখনোই কোনো সম্পর্ক ছিল না। এলআই এর কমান্ডার আব্দুল রাশিদ রয়টার্সকে বলেন, “এ সম্পর্কের কথা সত্য নয়। আমরা তাকে পেতে চাই। তাকে পেলে আমরা শরিয়া আইন অনুযায়ী সাজা দেব।” এর আগে বুধবার পাকিস্তানি আদালতের নথিতে বলা হয়, সিআইএ’র সঙ্গে সম্পর্ক থাকার কারণে নয় বরং লস্কর-ই-ইসলামকে সমর্থন করার কারণেই আফ্রিদিকে ৩৩ বছরের জেল দেওয়া হয়েছে। গত সপ্তাহে আফগান সীমান্তবর্তী খাইবার আদিবাসী এলাকার এক আদালত আফ্রিদিকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়। এর পরপরই পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহায়তা করায় দেশদ্রোহীতার অভিযোগে আফ্রিদির জেল হয়েছে। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের সামনে প্রকাশিত বিচার সংক্রান্ত নথিতে এ সাজার কারণ হিসাবে লস্কর-ই-ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা থাকায় অফ্রিদি মামলা এক নতুন মোড় নেয়। আর এখন তার সঙ্গে সম্পর্কের কথা জঙ্গিরা অস্বীকার করায় বিষয়টি নিয়ে রহস্য আরো ঘনীভূত হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৮ঘ.