২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকশ’ তিব্বতিকে গ্রেপ্তার করেছে চীন

তিব্বতে চীনা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুইজন আত্মহত্যার চেষ্টা চালানোয় তিব্বতের হাসা এলাকা থেকে বুধবার কয়েকশ’ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

বেইজিং, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে চীনা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুইজন আত্মহত্যার চেষ্টা চালানোয় তিব্বতের হাসা এলাকা থেকে বুধবার কয়েকশ’ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এতে করে চীনের তিব্বতীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার হাসা এলাকায় দুই ব্যক্তি নিজেদের শরীরে আগুন লাগালে একজনের মৃত্যু হয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। অজ্ঞাতসূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বুধবার জানায়, রোববারের প্রতিবাদের পর এ পর্যন্ত প্রায় ৬শ’ তিব্বতিকে আটক করা হয়েছে। তবে তিব্বতে বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় আটকের সংখ্যার সত্যতা যাচাই সম্ভব হয়নি। তিব্বতের মানবাধিকার প্রতিষ্ঠানের হিসেব অনুযায়ী, তিব্বতে ছয় দশকেরও বেশি সময় ধরে চলা চীনা নীতির প্রতিবাদে ২০১১ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত অন্ততপক্ষে ৩৫ জন ব্যক্তি নিজের শরীরে আগুন লাগিয়েছে। এদের মধ্যে মারা গেছে ২৭ জন। আত্মহত্যাকারীদের সন্ত্রাসী ও অপরাধী হিসেবে আখ্যায়িত করে চীন। আর আত্মহননে ইন্ধন দেওয়ার জন্য নির্বাসিত তিব্বতি জনগণ ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামাকে দায়ী করে তারা। দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবেও বিবেচনা করে চীন। এদিকে দালাইলামার মতে, তিনি তার নিজ দেশের কেবল স্বায়ত্ত্বশাসনের দাবি জানিয়েছেন। চীনা আইনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ায় ১৯৫৯ সালে ভারতে চলে যান দালাইলামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৭ ঘ.