জেরুজালেম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে ৯১ ফিলিস্তিনি গেরিলার লাশ হস্তান্তর করেছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে তারা নিহত হয়।
১৯৭৫ সালে ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা এবং আত্মঘাতী হামলা চালানো এই ফিলিস্তিনিদের লাশ এতোদিন সমাহিত ছিল অধিকৃত পশ্চিম তীরের পরিত্যাক্ত একটি ইসরায়েলি সামরিক সমাধিস্থলে। ‘শত্র“ যোদ্ধাদের’ এ সমাধিতেই সমাহিত করে থাকে ইসরায়েল।
পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কর্তৃপক্ষের কাছে ৮০ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করা হয়েছে এবং ১১ টি লাশ পাঠানো হয়েছে হামাস শাসিত গাজায়।
ইসরায়েলের জেলে বন্দি শ’শ’ ফিলিস্তিনির অনশন বন্ধ করতে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এই মৃতদেহগুলো ফিলিস্তিনে ফেরত পাঠাল ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ বলেছেন, এই মানবিক পদক্ষেপ দু’পক্ষের মধ্যে আস্থা গড়ে তোলারই চেষ্টা এবং এতে করে শান্তি প্রক্রিয়া আবার সচল হবে বলেই তারা আশা করছেন।
ইসরায়েল কোনো পূর্বশর্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত বলেও জানান তিনি।
ওদিকে, ফিলিস্তিনে মৃতদেহগুলো বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনরায় সমাহিত করার উদ্যোগ নিয়েছে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ।
ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ২১ বার তোপধ্বনি দিয়ে প্রতিটি কফিনকে বরণ করবে হামাস। তারপর সেগুলোকে সমাহিত করতে পাঠানো হবে বিভিন্ন শহরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৪৯ঘ.
bdnews24