২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মৃত্যুদণ্ড ঘোষণার অভিযোগে ধর্মীয় নেতা আটক

পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে নাচ গান করায় চার নারীসহ ছয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগে মঙ্গলবার দেশটির ইসলাম ধর্মীয় এক নেতাকে সাঙ্গোপাঙ্গসহ আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে নাচ গান করায় চার নারীসহ ছয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগে মঙ্গলবার দেশটির ইসলাম ধর্মীয় এক নেতাকে সাঙ্গোপাঙ্গসহ আটক করেছে পুলিশ। তবে আটককৃতরা ঘটনাটি অস্বীকার করেছে বলে এনডিটিভি জানিয়েছে। সোমবার পুলিশ জানায়, আদিবাসী নিয়ম অনুযায়ী বিয়েতে নারী ও পুরুষদেরকে আলাদা থাকতে হয়। এ রীতি অবহেলা করে রাজধানী ইসলামাবাদের উত্তরে কোহিস্তান পাহাড়ি এলাকার গাদা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচ গান করার অভিযোগ রয়েছে ওই নারী ও পুরুষদের বিরুদ্ধে। মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওচিত্র দেখে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পুলিশ জানায়, তিন বছর আগে এ ভিডিওচিত্রটি ধারণ করা হয়। আদিবাসীদের মধ্যকার কোনো দ্বন্দ্বের কারণে এটা করা হতে পারে বলে মনে করছে তারা। আটক ধর্মীয় নেতা ঘটনা অস্বীকার করে আদালতে একটি এফিডেভিট পেশ করেছে বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ প্রধান আব্দুল মাজেদ আফ্রিদি জানান, ওই এফিডেভিটে বলা হয়েছে, “এই নারীদের হত্যা করা হলে তা হবে ইসলাম ও আইন বিরুদ্ধ।” পাকিস্তান মানবাধিকার কমিশনের হিসেব অনুযায়ী, পরিবারের সম্মানহানির অজুহাতে গত বছর দেশটিতে অন্ততপক্ষে ৯৪৩ জন নারীকে হত্যা করা হয়েছে। রক্ষণশীল মুসলিম দেশ পাকিস্তানে নারীরা যে ধরনের সহিংসতার শিকার হয় এ সংখ্যা সে চিত্রই তুলে ধরেছে। দেশটিতে নারীদেরকে প্রায়ই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৫ ঘ.