২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া পরিস্থিতি দ্রুত বদলাতে পারে: আনান

সিরিয়া পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে সতর্ক করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন জাতিসংঘের শান্তি দূত কফি আনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

বৈরুত, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে সতর্ক করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন জাতিসংঘের শান্তি দূত কফি আনান। সিরিয়ার হউলায় সহিংসতায় ১০৮ জন নিহতের ঘটনায় বিভিন্ন দেশ থেকে সিরীয় কূটনীতিকদের বহিষ্কারের মধ্যেই এ কথা বললেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ও আরব লিগের মধ্যস্থতাকারী আনান। মঙ্গলবার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে সিরিয়ায় চলমান সহিংসতা নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের উদ্বেগের কথা তুলে ধরেন আনান। বৈঠকের পর জাতিসংঘের সাবেক এই মহাসচিব সাংবাদিকদের বলেন, “আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে যে কোনো কিছু হতে পারে। ভবিষ্যতে রক্তপাত ও বিভক্তি চায় না সিরীয় জনগণ। এখনো হত্যাযজ্ঞ চলছে এবং নির্যাতন-নিপীড়নের ঘটনা এখনো আমাদের সঙ্গী।” আসাদের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে বড় ধরনের কোনো অগ্রগতির ইঙ্গিত দেননি আনান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ বলেছে, আসাদ আনানকে বলেছেন যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো স¤প্রতি তৎপরতা বাড়িয়েছে এবং তাদের অস্ত্র, অর্থ ও পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোর ওপরই আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে। আনান বলেন, সহিংসতা বন্ধে ‘আগামীকাল নয় এখনই জোরালো পদক্ষেপ’ নিতে আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট আসাদের শাসন অবসানের লক্ষ্যে গত বছর মার্চ থেকে দেশটিতে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার এক পর্যায়ে বিরোধীরাও পাল্টা হামলা চালাতে শুরু করে। সহিংসতা বন্ধে সরকার ও বিরোধীদের মধ্যে অস্ত্রবিরতির প্রস্তাব এনে ছয় দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন কফি আনান। পরিকল্পনামতো গত ১২ এপ্রিল থেকে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি। বৈঠকে সরকারি বাহিনীকে অস্ত্রবিরতি মেনে চলার আহ্বান রাখার পর সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোকেও ‘সহিংস’ কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান কফি আনান। সহিংসতা বন্ধে কোনো সময়সীমা নির্ধারিত হয়েছে কি না জানতে চাইলে আনান বলেন, “সময় আসছে, দেরিতে নয় বরং দ্রুতই আসছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায় পর্যালোচনা করলেই ভবিষ্যৎ পদক্ষেপ বা প্রয়োজনীয় কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত আসবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১২৪ ঘ.