কায়রো, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকপন্থী প্রার্থী আহমেদ শফিকের প্রধান নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত বিক্ষোভকারীরা।
জুনে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে শফিক অংশ নিতে পারবেন বলে নির্বাচন কমিশন ঘোষণা করার পর তিনি নির্বাচনকে প্রভাবিত করছেন সন্দেহে বিক্ষোভকারীরা তার দপ্তরে আগুন দেয়।
অগ্নিসংযোগের এই ঘটনা ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের পর মিশরীয়দের বিভক্ত হয়ে পড়ার সুস্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মিশরে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা দুই প্রার্থীর একজন আহমেদ শফিক। তিনি মুবারক আমলের শেষ প্রধানমন্ত্রী ছিলেন। মুবারকের মতো তিনিও দেশটির বিমান বাহিনীর সাবেক কমান্ডার। নির্বাচনী প্রচারণার সময় মুবারককে তিনি ‘রোল মডেল’ হিসেবে তুলে ধরেন।
নির্বাচনে এগিয়ে থাকা অপর প্রার্থী মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। আগামী ১৬-১৭ জুন দ্বিতীয় দফা ভোট গ্রহণে প্রেসিডেন্ট পদের জন্য এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মুরসির চেয়ে অতি অল্প ব্যবধানে পিছিয়ে থাকা শফিক নির্বাচন প্রভাবিত করে দ্বিতীয় স্থান পেয়েছেন বলে মনে করে বিক্ষোভকারীরা। এর মাধ্যমে তিনি মিশরের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবেন বলেও সন্দেহ বিক্ষোভকারীদের। তাদের শঙ্কা শফিক প্রেসিডেন্ট হলে মিশরের বিপ্লব নিস্ফল হবে।
শফিকের প্রধান নির্বাচনী ক্যাম্প কায়রোর আবাসিক এলাকা ডোক্কিতে। সোমবার একদল বিক্ষোভকারী ক্যাম্পের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তা তছনছ করে।
পরে তারা ক্যাম্পটিতে আগুন ধরিয়ে দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিশরের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা।
তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
সোমবার সরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণার পর হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারা প্রথম দফা নির্বাচন ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
কায়রোর তাহরির স্কয়ারের এক বিক্ষোভকারী জানিয়েছে, বিক্ষোভরতদের একটি মিছিলে অজ্ঞাত একদল লোক হামলা করার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুবারকের শেষ সময়ের মতোই দুইপক্ষ পাথর ছোড়াছুড়ি করে।
প্রথম দফা নির্বাচনের এই ফলাফল মুবারকে বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়াদের জন্য হতাশার। মুরসি বা শফিক নন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের তাদের পরিবর্তন প্রত্যাশী মনোভাবের প্রকৃত প্রতিনিধি মনে করেন।
তাহরির স্কয়ারের বিক্ষোভে যোগ দেওয়া এমনই এক প্রার্থী খালেদ আলি বলেন, “নির্বাচন অবাধও হয়নি, সুষ্ঠুও হয়নি। তাহরির স্কয়ার থেকেই মুবারকের পতন হয়েছে, শফিকের পতনও হবে এখান থেকেই।”
প্রথম দফা নির্বাচনে ২৪ দশমিক ৩ শতাংশ ভোট পাওয়া মুরসি প্রেসিডেন্ট হলে ক্ষমতায় আসবে মুসলিম ব্রাদারহুড। তাতে মিশর কট্টর ইসলামি রাষ্ট্রে পরিণত হবে বলে উদারপন্থীদের ধারণা। আর ২৩ দশমিক ৩ শতাংশ ভোট পাওয়া শফিক নির্বাচিত হলে বিল্পব ব্যর্থ করে কার্যত মুবারক আমলই ফিরে আসবে বলে শঙ্কা তাদের।
এরই মধ্যে, প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান অধিকারী বামপন্থী আল কারামাহ পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হামদিন সাব্বাহি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনা দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ১৮১০ঘ.
bdnews24