২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বিপণীকেন্দ্রে অগ্নিকাণ্ডে ১৩ শিশুসহ নিহত ১৯

কাতারের রাজধানী দোহার ভিলাজ্জিও নামের একটি বিপণীকেন্দ্রে সোমবার অগ্নিকাণ্ডে ১৩ শিশুসহ অন্ততপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 04:36 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

দোহা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাতারের রাজধানী দোহার ভিলাজ্জিও নামের একটি বিপণীকেন্দ্রে সোমবার অগ্নিকাণ্ডে ১৩ শিশুসহ অন্ততপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। নিহত শিশুদের মধ্যে চার শিশু স্প্যানিশ, তিন শিশু নিউজিল্যান্ডের এবং এক শিশু ফরাসি নাগরিক বলে জানা গেছে। শপিংমলের শিশুশালা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। ভিলাজ্জিও উপসাগরীয় ছোট্ট এই রাষ্ট্রটির একটি জনপ্রিয় বিপণীকেন্দ্র। ২০০৬ সালে চালু হওয়া এই বিপণীকেন্দ্রে সিলেমা হল, হোটেলসহ ভিঞ্চি ঘরানার থিম পার্ক রয়েছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের আল থানি জানান, সোমবার স্থানীয় সময় দুপুর এগারোটায় বিপণীকেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়। বিপণীকেন্দ্রর জিম্পাঞ্জি শিশুশালা থেকে আগুন লেগে গেলে অগ্নিনির্বাপককর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু জিম্পাঞ্জিতে ওঠার সিঁড়িতে ধ্বসে গেলে উদ্ধারকর্মীদের তৎপরতা ব্যাহত হয়। তারা আটকেপড়া শিশুদের উদ্ধারে ছাদ ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। কিন্তু ততক্ষণে সাত মেয়েশিশু ও ছয় ছেলেশিশু তাদের চার শিক্ষকসহ মারা যায়। এই দুর্ঘটনায় একাধিক অগ্নিনির্বাপকর্মীও মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সবাই অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে জানানো হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে উদ্ধার তৎপরতাকে অত্যন্ত বিশৃঙ্খল আখ্যা দিয়ে জরুরি সংস্থার কর্মপদ্ধতির সমালোচনা করা হয়েছে। আগুন শেষ পর্যন্ত নিয়ন্তণে আনা হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৭ ঘ.