মিয়ানমার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিক সফরকালে দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
২৪ বছর পর সু চির প্রথম বিদেশ যাত্রার আগে দিয়ে মনমোহন তার সঙ্গে সাক্ষাৎ করলেন।
মঙ্গলবার দিনশেষে ব্যাংকক যাওয়ার কথা রয়েছে সু চির। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদেওয়াসহ বার্মার শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সু চির সঙ্গে বৈঠককালে মনমোহন তাকে নতুন মিয়ানমার সরকার আমলে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় বড় ধরনের ভূমিকা পালনের আহ্বান জানান।
সু চির সঙ্গে বৈঠকের আগে সোমবার প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে বৈঠক করেন মনমোহন। এ সময় মিয়ানমারের সঙ্গে ১২ চুক্তি সই করেন তিনি।
বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে এ চুক্তিগুলো সই হওয়ার কথা জানিয়েছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
সোমবারের বৈঠকে সীমান্ত এলাকা উন্নয়ন, বিমান সার্ভিস, সাংস্কৃতিক আদান-প্রদান, ভারত ও মিয়ানমারের আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য ব্যাংকের ঋণসীমা নির্ধারণ এবং যৌথভাবে একটি বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম গড়ে তোলা নিয়ে দু’পক্ষে চুক্তি হয়েছে।
তাছাড়া, মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নতুন করে প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মনমোহন। এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন দু’দেশের দুই নেতা।
রোববার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের লক্ষ্য নিয়ে তিনদিনের সফরে মিয়ানমার যান মনমোহন। ১৯৮৭ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম মিয়ানমার সফর।
দেশটিতে একের পর এক সংস্কার কর্মসূচি এবং এর বদৌলতে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হতে থাকার পরিপ্রেক্ষিতে মনমোহন এ সফরে গেলেন।
সফরকালে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছেন তনি। সীমান্ত এলাকার উন্নয়ন, রাস্তা, রেল, পানিপথ, আকাশ সংযোগ, বাণিজ্য-বিনিয়োগসহ নানা ইস্যু নিয়ে তিনি আলোচনা করেছেন।
মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬শ কিলোমিটার বিস্তীর্ণ সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছে। অন্যদিকে, বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের কারণে মিয়ানমারে মার খাচ্ছে ভারতের বিনিয়োগ।
বিশ্লেষকরা বলছেন, চীনের প্রভাব মোকাবেলায় ভারত মরিয়া। আর সেকারণেই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছেন মনমোহন।
চীন এবং থাইল্যান্ডের পর ভারত বর্তমানে মিয়ানমারের তৃতীয় বৃহত্তম রপ্তানির বাজার।
কিন্তু মিয়ানমারে তেল ও গ্যাস অনুসন্ধানে চীনই এখনো বড় ভূমিকা পালন করে আসছে। তাছাড়া, মিয়ানমারে রাস্তাঘাট নির্মাণ. পাইপলাইন বসানো এবং বন্দর প্রকল্পের কাজেও চীন জড়িত।
চীনের এই ক্রমবর্ধমান প্রভাবের কারণে ভবিষ্যতে বঙ্গোপসাগরে চীনের সম্ভাব্য উপস্থিতির আশঙ্কায় কৌশলগত দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিয়ানমার।
আর সে কারণেই মনমোহনের সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাণিজ্যের বিষয়টি। মনমোহন সিং এর সঙ্গে মিয়ানমার গেছেন ভারতের ব্যবসায়ীক প্রতিনিধিদল।
মনমোহন একটি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলতে চান বলে জানিয়েছেন ভারতের পরারাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৫৪ঘ.
bdnews24