বৈরুত, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হউলায় নৃশংস হত্যাযজ্ঞের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সিরীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে একের পর এক দেশ।
ফ্রান্স এবং অস্ট্রেলিয়া মঙ্গলবার তাদের রাজধানী থেকে সিরীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে। একই পদক্ষেপ নিচ্ছে অন্যান্য দেশগুলোও।
যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন এবং কানাডা সিরিয়ার কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রও সিরিয়ার চার্জ দ্য এফেয়ার্সকে বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে। দেশ ছাড়ার জন্য সিরীয় এ কূটনীতিককে ৭২ ঘণ্টা সময় দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ।
ওয়াশিংটনে সিরিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রদূত ইমাদ মুস্তফাকে গত বছর দামেস্কে ফিরিয়ে নেওয়া হয়। সে জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।
জাতিসংঘের ধারণা, সিরিয়ার হউলা শহরে গত শুক্রবারের হত্যাযজ্ঞে নিহত মানুষের সংখ্যা অন্তত ১০৮ জন এবং এদের বেশির ভাগকেই সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এ ঘটনার ক্ষুব্ধ হয়েই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চাপ বাড়াতে বিভিন্ন দেশ থেকে সিরীয় কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ সাংবাদিকদের বলেন, প্যারিস থেকে সিরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে।
একতরফাভাবে নয় বরং ইউরোপীয় মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অস্ট্রেলিয়াও মঙ্গলবার মিশন চিফ জাওদাত আলাইসহ দুই সিরীয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়া ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে তাদেরকে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার বলেছেন, হউলার ঘটনায় অস্ট্রেলিয়া মর্মাহত। এ হত্যাযজ্ঞের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত।
ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লু ফেবিউ আসাদকে খুনী আখ্যা দিয়েছেন।
ফরাসি দৈনিক ল্য মদ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ফেবিউ বলেন, “বাশার আল আসাদ তার জনগণকে হত্যাকারী। তাকে ক্ষমতা ছাড়তে হবে। তা যত শিগগিরি হয় ততই ভালো।”
তুরস্কের প্রধানমন্ত্রীও হউলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্ব স¤প্রদায়ের ধৈর্য্যের একটা সীমা আছে। জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন চলাকালে সিরিয়ায় এ ধরনের হত্যাযজ্ঞ অত্যন্ত দুঃখজনক।
পশ্চিমা ও সুন্নি আরব রাষ্ট্রগুলো সিরিয়ায় সহিংসতা বন্ধে আসাদের পদত্যাগ দাবি করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত রোববার সর্বসম্মতিক্রমে সিরিয়ার হউলা হত্যাযজ্ঞের নিন্দা জানানোর পরও দেশটির হামা শহরে সরকারি বাহিনীর বোমা বর্ষণে ২৪ জন নিহত হওয়ার খবর আসে।
সিরিয়ায় সংঘাত নিয়ে বিশ্বব্যাপী গভীর উদ্বেগের মধ্যেও সেখানে নতুন করে আরো সহিংসতার খবর আসছে। মঙ্গলবার সরকারি বাহিনীর গোলা ও ট্যাংক হামলায়ও প্রায় ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র।
তবে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনের ১৫ মাসে হউলা হত্যাযজ্ঞই সবচেয়ে ভয়াবহ।
এ ঘটনার পর সিরিয়ায় শান্তি ফেরানোর চেষ্টায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান।
তিনি সিরিয়া পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বার্তা সংস্থা সানা জানায়, আসাদের সঙ্গে দু’ঘন্টা বৈঠকের পর প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়েন আনান। সিরিয়ায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি বাঁচানোর চেষ্টা নেন তিনি।
বৈঠকে তিনি আসাদকে যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য চাপ দেন বলেই মনে করা হচ্ছে।
শান্তি প্রতিষ্ঠায় সিরিয়া সরকারেরই বলিষ্ঠ ভূমিকা নেওয়ার ওপর জোর দেন তিনি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে তৎপর হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক চাপের মুখে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে সিরিয়ার রাজধানী দামেস্কে যান আনান।
সেখানে পৌঁছেই আসাদকে অবিলম্বে সহিংসতা বন্ধ করে সঙ্কট সমাধানের সদিচ্ছা প্রমাণের আহ্বান জানান তিনি।
হউলা হত্যাযজ্ঞকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আনান অবিলম্বে এ হত্যা বন্ধের আহ্বান জানান।
কিন্তু সিরিয়া সরকার এ হত্যাযজ্ঞে তাদের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে।
সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ দামেস্কে সাংবাদিকদের বলেছেন, এ সময়ের মধ্যে সিরিয়া আনানের শান্তি পরিকল্পনা কোনোভাবেই লঙ্ঘন করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫৮ঘ.
bdnews24