২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নির্বাচন ২২ নভেম্বর

নির্ধারিত সময়ের মধ্যে নেপাল প্রজাতন্ত্রের সংবিধান প্রণয়ন সম্ভব না হওয়ায় চলতি বছরের ২২ নভেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে নেপাল প্রজাতন্ত্রের সংবিধান প্রণয়ন সম্ভব না হওয়ায় চলতি বছরের ২২ নভেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ তারিখ ঘোষণা করেন বলে বিবিসি জানায়। মন্ত্রিসভার বৈঠকে জরুরি অবস্থা জারি করে বর্তমান পার্লামেন্টের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। সংবিধান প্রণয়নের জন্য রোববার পর্যন্ত সময়সীমা নির্ধারিত ছিলো। তবে নতুন পদ্ধতিতে দেশের রাজ্য গঠিত হবে কিনা ও সেগুলোর নাম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় সংবিধান প্রণয়ন সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী বলেন, “নতুন নির্বাচন অনুষ্ঠান ছাড়া ‘বিকল্প’ আর কোনো উপায় নেই। সংবিধান প্রণয়নে ব্যর্থ হয়ে আগামী ২২ নভেম্বর নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।” আলোচনায় ব্যর্থ হওয়ার জন্য জোট সরকারের মধ্যকার প্রতিদ্বন্দ্বী দলগুলোকেই দায়ী করেন তিনি। এদিকে রাজ্যগুলোর জাতিগত পরিচয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সহিংসতা চলছে। রোববার রাজনীতিবিদদের আলোচনা চলাকালে পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৩৪ ঘ.