২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হউলা হত্যাযজ্ঞের নিন্দায় পশ্চিমা বিশ্ব

সিরিয়ার হউলা শহরে শুক্রবার ৯২ জন নিহতের ঘটনার নিন্দা-সমালোচনায় সরব হয়েছে পশ্চিমা দেশগুলো। তবে দামেস্ক এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

বৈরুত, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার হউলা শহরে শুক্রবার ৯২ জন নিহতের ঘটনার নিন্দা-সমালোচনায় সরব হয়েছে পশ্চিমা দেশগুলো। তবে দামেস্ক এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

হউলায় শুক্রবার ৩২ শিশুসহ ৯২ জন নিহতের ঘটনার জন্য দামেস্ক ‘সন্ত্রাসী’ গোষ্ঠীকে দায়ী করেছে।

ওদিকে, পশ্চিমা দেশগুলো এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের রক্তক্ষয়ী শাসনের অবসান দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হউলার ঘটনাকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, “আসাদের হত্যা ও ত্রাসের শাসনাবসান হতেই হবে।”

এ হামলা বর্বর উল্লেখ করে তিনি বলেন, আসাদ ও তার সহযোগীদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার জন্য ওয়াশিংটন চাপ বাড়াবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সিরিয়া পরিস্থিতি নিয়ে এ সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন।

এ অপরাধের জবাবদিহিতা করতে আসাদ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য হেগ রাশিয়াকে রাজি করানোর চেষ্টা করবেন বলে জানান।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও সিরিয়ার বন্ধু দেশগুলোকে নিয়ে প্যারিসে জরুরি ভিত্তিতে একটি বৈঠকে বসার আয়োজন করছেন বলে জানিয়েছেন।

 

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং জাতিসংঘ আরব লিগ দূত কফি আনান এক যৌথ বিবৃতিতে হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, “এ হামলা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

কিন্তু আন্তর্জাতিক এ নিন্দা-সমালোচনা এবং কঠোর ব্যবস্থার জন্য জোর তৎপরতার মধ্যেও নির্বিকার সিরিয়ার আসাদ সরকার।

হউলায় মানবতাবিরোধী অপরাধের দায় অস্বীকার করে বরং উল্টো সিরিয়া সরকারকে দোষারোপের জন্য বিদেশি নেতাদের কটাক্ষ করেছে দামেস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, শুক্রবার হোমসের হউলায় হামলা করেছে ‘কয়েকশ সশস্ত্র লোক’। তাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে।

মুখপাত্র বলেন, শ’শ সশস্ত্র মানুষ মর্টার, ট্যাংক বিধ্বংসী অস্ত্রসহ ভারী অস্ত্র নিয়ে হউলায় হামলা করে। সরকার এ হত্যাকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত দল পাঠিয়েছে।

কিন্তু সরকার বিরোধী আন্দোলনকারীরা বলছে, শুক্রবার হউলায় গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনী।

জাতিসংঘ পর্যবেক্ষকদের চোখের সামনে এতবড় হত্যাযজ্ঞের ঘটনায় আনানের শান্তি পরিকল্পনা ব্যর্থ হচেছ বলে মন্তব্য করেছে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গ্র“প ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)।

জাতিসংঘ সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এফএসএ আর যুদ্ধবিরতি মেনে চলবে না বলে জানিয়েছে।

এর আগে সিরিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণরত জাতিসংঘ দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড জানান, “শনিবার সকালে জাতিসংঘের সামরিক ও বেসামরিক পর্যবেক্ষকরা হউলায় গিয়েছিলেন। তারা ১০ বছরের নিচে ৩২টি শিশুর লাশ দেখতে পেয়েছে। এখানে পূর্ণবয়স্ক ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।”

“সরেজমিনে পরীক্ষার পর ট্যাংক থেকে গোলা নিক্ষেপের বিষয়ে পর্যবেক্ষকরা নিশ্চিত হয়েছে”, এক বিবৃতিতে বলেন তিনি।

ইউটিউবে দেওয়া ভিডিওতে শিশুদের রক্তাক্ত মৃতদেহ দেখা গেছে যাদের অনেকের মাথার খুলি উড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় হউলাতে নিরাপত্তা বাহিনীর হাতে এক আন্দোলনকারী নিহত হলে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের খণ্ডযুদ্ধ হয়, এর পরপরই শহরটি লক্ষ্য করে সরকারী বাহিনী গোলবর্ষণ করতে শুরু করে বলে দাবি করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা।

বিদ্রোহীরা দাবি করেছে নিহতদের মধ্যে অনেকে গোলাবর্ষণের শিকার হয়েছে। অন্যদের হত্যা করেছে সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী ‘শাবিহা’।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে স¤প্রচারিত কিছু ফুটেজে হউলার নিহত লোকজনের ছবি দেখিয়ে বলা হয়, তারা সন্ত্রাসী গোষ্ঠীর নির্বিচার হত্যাকাণ্ডের শিকার। ফুটেজে মাথায় গুলিবিদ্ধ লাশের ছবিও দেখানো হয়।

গত ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যোগে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধবিরতি চলাকালে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।

আলোচনার মাধ্যমে সিরিয়ার পরিস্থিতির একটা সমাধান বের করা কতো কঠিন, এ ঘটনায় আরেকবার তার প্রমাণ পাওয়া গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঘটনার প্রতিক্রিয়ায় বান কি মুন বলেন, “সিরীয় সরকারের উচিত আবাসিক এলাকায় ভারি অস্ত্র ব্যবহার এখনই বন্ধ করা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/এলকিউ/১৯৩৩ ঘ.