২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ মালির ২ বিদ্রোহী গোষ্ঠী

মালির তুয়ারেগ বিদ্রোহীদের ‘ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আযাদ’ (এমএনএলএ) ও ‘আনসার দ্বিন’ ইসলামি জঙ্গি সংগঠন দেশটির উত্তরাঞ্চলে একটি স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

বামাকো, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালির তুয়ারেগ বিদ্রোহীদের ‘ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আযাদ’ (এমএনএলএ) ও ‘আনসার দ্বিন’ ইসলামি জঙ্গি সংগঠন দেশটির উত্তরাঞ্চলে একটি স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। শনিবার এমএনএলএ এর মুখপাত্র মোহাম্মদ আগ আত্তাহার এ কথা জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় গাও শহরে সংগঠন দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। “একটি স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এমএনএলএ ও আনসার দ্বিন একটি চুক্তি করেছে। এরপর থেকে দল দুটি একত্রে আন্দোলন পরিচালনা করবে,” বলেন আত্তাহার। “এরপর থেকে আমাদের দুটি বাহিনী একটি বাহিনীতে পরিণত হবে”, বলেন তিনি। উত্তর মালির কিদাল, গাও ও টিম্বুকটু অঞ্চল নিয়ে ‘স্বাধীন আযাদ’ গঠিত হবে বলে জানান তিনি। এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে। গাও ও টিম্বকটুর বাসিন্দারা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করে বিদ্রোহী দলদুটির সদস্যরা। এর আগে এক ঘোষণায় এমএনএলএ জানিয়েছিল, তারা মালির উত্তরাঞ্চলে একটি ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সালাফিপন্থী (ওহাবী) ‘আনসার দ্বিন’ মালিতে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছিল। গত মার্চে বিদ্রোহ দমনে সরকারের ব্যর্থতার অজুহাতে সেনাবাহিনী মালির ক্ষমতা দখল করে নেয়। তারপর থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছিল। আন্তর্জাতিক স¤প্রদায় দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরপরই দেশটির উত্তরাঞ্চলের বিরাট এলাকা তুয়ারেগ বিদ্রোহীদের দখলে চলে যায়। তুয়ারেগ বিদ্রোহীদের সমর্থন দেয় ‘আনসার দ্বিন’। দেশটির এ অবস্থায় প্রধান দুটি বিদ্রোহী বাহিনীর একসঙ্গে তৎপরতা চালানোর অঙ্গিকার মালির পরিস্থিতিকে আরো জটিল পর্যায়ে নিয়ে যাবে বলে পর্যবেক্ষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৩৩২ ঘ.