২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিক সফর শুরু করছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

মিয়ানমার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিক সফর শুরু করছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার তিনদিনের সফরে মিয়ানমারে যাচ্ছেন তিনি। ১৯৮৭ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম মিয়ানমার সফর। মিয়ানমারের সঙ্গে ভারতের বাণিজ্য এবং কূটনৈতিক সহযোগিতা বাড়ানোই তার এ সফরের লক্ষ্য। দেশটিতে একের পর এক সংস্কার কর্মসূচি এবং এর বদৌলতে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হতে থাকার পরিপ্রেক্ষিতে মনমোহন এ সফরে যাচ্ছেন। সফরকালে মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন এবং বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করবেন মনমোহন। দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার চেষ্টা নেবেন তিনি। তার আলোচ্যসূচিতে থাকছে সীমান্ত এলাকার উন্নয়ন, রাস্তা, রেল, পানিপথ, আকাশ সংযোগ, বাণিজ্য-বিনিয়োগসহ নানা ইস্যু। মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬শ কিলোমিটার বিস্তীর্ণ সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছে। অন্যদিকে, বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের কারণে মিয়ানমারে মার খাচ্ছে ভারতের বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, চীনের প্রভাব মোকাবেলায় ভারত মরিয়া। আর সেকারণেই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাবেন মনমোহন। চীন এবং থাইল্যান্ডের পর ভারত বর্তমানে মিয়ানমারের তৃতীয় বৃহত্তম রপ্তানীর বাজার। কিন্তু মিয়ানমারে তেল ও গ্যাস অনুসন্ধানে চীনই এখনো বড় ভূমিকা পালন করে আসছে। তাছাড়া, মিয়ানমারে রাস্তাঘাট নির্মাণ. পাইপলাইন বসানো এবং বন্দর প্রকল্পের কাজেও চীন জড়িত। চীনের এই ক্রমবর্ধমান প্রভাবের কারণে ভবিষ্যতে বঙ্গোপসাগরে চীনের সম্ভাব্য উপস্থিতির আশঙ্কায় কৌশলগত দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিয়ানমার। আর সে কারণেই মনমোহনের সফরে বিশেষ গুরুত্ব পাবে বাণিজ্যের বিষয়টি। মনমোহন সিং এর সঙ্গে মিয়ানমারে যাচ্ছেন ভারতের ব্যবসায়ীক প্রতিনিধিদল। মনমোহন একটি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলতে চান বলে জানিয়েছেন ভারতের পরারাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৮ঘ.