কায়রো, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের আগে রাজনৈতিক মিত্রের খোঁজে নেমেছে মুসলিম ব্রাদারহুড। এজন্য প্রথমদফা ভোটে ছিটকে পড়া দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে তারা।
আগামী ১৬ ও ১৭ জুন মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে। প্রথম দফা নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি ও সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের কেউই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ দ্বিতীয় দফা ভোট হচ্ছে।
প্রথম দফা নির্বাচনে যেসব প্রার্থীরা প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে গেছেন তাদের কাছে প্রতিনিধি পাঠিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছে ব্রাদারহুড।
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলন করা দলগুলোকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে ব্রাদারহুড বলেছে, “বিপ্লব চুরি হওয়া ঠেকাতেই দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া দরকার।”
এ বিষয়ে কোনো সমঝোতা না হলে ‘পুরনো আমল’ ফিরে আসতে পারে বলেও সতর্ক করেছে দলটি।
প্রথম দফা ভোটের সরকারি ফলাফল এখনো প্রকাশ হয়নি। তবে, ভোট গণনার সময় কেন্দ্রগুলোতে প্রার্থীদের প্রতিনিধিদের বরাত দিয়ে বেসরকারি ফলাফলে জানা গেছে, মুসলিম ব্রাদাহুডের প্রার্থী মুরসি সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। তার ঠিক পরেই আছেন মুবারক আমলের সর্বশেষ প্রধানমন্ত্রী সাবেক সামরিক কর্মকর্তা আহমেদ শফিক।
মঙ্গলবার প্রথম দফা ভোটের সরকারি ফলাফল ঘোষণার কথা রয়েছে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুবারককে ‘রোল মডেল’ হিসেবে আখ্যায়িত করেছেন আহমেদ শফিক। আর মুবারক মুসলিম ব্রাদারহুডকে রাষ্ট্রের শত্র“ ঘোষণা করে নিষিদ্ধ করে রেখেছিলেন।
মুবারকের মতো আহমেদ শফিকও বিমান বাহিনীর কমান্ডার ছিলেন। আহমেদ শফিক নির্বাচিত হলে মিশরের বিপ্লবের ফলাফল ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
অন্যদিকে, আঞ্চলিকভাবে প্রভাবশালী ইসলামপন্থী দল ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি নির্বাচিত হলে ইসলামি শাসনের দিকে ঝুঁকে পড়বে মিশর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৮৪৩ ঘ.
bdnews24