বৈরুত, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হউলাতে সরকারী বাহিনীর গোলবর্ষণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে দাবী করেছে সরকার বিরোধী একটি গোষ্ঠি।
শুক্রবার মধ্যাঞ্চলীয় হমস প্রদেশের ওই এলাকাটিতে গোলাবর্ষণের এ ঘটনা ঘটে বলে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক সরকার বিরোধী মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, গোলবর্ষণ আবার শুরু হতে পারে আশঙ্কায় আক্রান্ত শহরটির বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
সিরিয়ার কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত হওয়া যায়নি। কারণ ১৪ মাস আগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হওয়া অভ্যুত্থান-বিদ্রোহের পর থেকে দেশটিতে বিদেশী সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শুক্রবার সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছে, হউলাতে বিদ্রোহীদের সঙ্গে খন্ডযুদ্ধের পর সরকারী বাহিনী এলাকাটির ওপর গোলাবর্ষণ শুরু করে।
হমস শহরের উত্তরে কয়েকটি গ্রাম নিয়ে হউলা এলাকাটি গঠিত।
শুক্রবার নিহতের সংখ্যা ৫০ জন ছিল বলে জানিয়েছেন কয়েকজন সরকার বিরোধী আন্দোলনকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৬৩০ ঘ.
bdnews24