২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার পথে রাশিয়ার অস্ত্রবাহী জাহাজ’

বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে রাশিয়ার একটি জাহাজ সিরিয়ার পথে রয়েছে এবং শনিবার গন্তব্যে পৌঁছবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আল আরাবিয়া টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নিউইয়র্ক, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে রাশিয়ার একটি জাহাজ সিরিয়ার পথে রয়েছে এবং শনিবার গন্তব্যে পৌঁছবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আল আরাবিয়া টেলিভিশন। শুক্রবার প্রতিবেদনটিকে বিশ্বাসযোগ্য বলে বর্ণনা করেছেন পশ্চিমা কূটনীতিকরা। বৃহস্পতিবার আল আরাবিয়ার ওয়েবসাইটে বলা হয়, “আল আরাবিয়া জানতে পেরেছে রাশিয়ার একটি মালবাহী জাহাজ বিপুল পরিমাণ অস্ত্র বোঝাই করে সিরিয়ার তারতাস বন্দরে খালাস করার পরিকল্পনা করেছে।” ৬ মে রাশিয়ার একটি বন্দর থেকে জাহাজটি রওনা হয় বলে পশ্চিমা এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়। শনিবার অস্ত্রবাহী জাহাজটি তারাতাস বন্দরে নোঙর করবে বলে তাতে জানানো হয়। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, “জাহাজটি সন্দেহজনকভাবে মূল গন্তব্য গোপন করার চেষ্টা করছে।” প্রতিবেদনটিতে বিশ্বাসযোগ্য বলে দাবি করেছে পশ্চিমা কূটনীতিক ও কর্মকর্তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে মহাসচিব বান কি মুন বলেছেন, সিরীয় সরকার ও বিদ্রোহীদের বিভিন্ন দেশ অস্ত্র সরবরাহ করছে এমন কিছু প্রতিবেদন তিনি দেখেছেন। রাষ্ট্রগুলোকে সিরিয়ার সহিংসতায় বিবদমান কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। “যারা সিরিয়ার বিবদমান কোনো একটি পক্ষকে অস্ত্রশস্ত্র, সামরিক প্রশিক্ষণ বা অন্যান্য সামরিক সহায়তা দিয়ে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের উচিত সহিংস পরিস্থিতি জিইয়ে রাখতে ইন্ধন যোগায় এমন অবস্থান পুনর্বিবেচনা করা,” বলেন মুন। রাশিয়ার বড় অস্ত্র ক্রেতাদের মধ্যে সিরিয়ার অন্যতম। পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখেও সিরিয়ায় অস্ত্র পাঠানোর ক্ষেত্রে নিজের অবস্থানে অটল রয়েছে রাশিয়া। রাশিয়ার যুক্তি, বিদেশি অস্ত্রের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের হাত থেকে নিজেদের রক্ষার জন্য সিরীয় সরকারি বাহিনীর অস্ত্র প্রয়োজন। সিরিয়া অভিযোগ করেছে, সৌদি আরব, কাতার ও লিবিয়া দেশটির বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের এক দলীয় পারিবারিক শাসন অবসানে ১৪ মাস ধরে আন্দোলন করছে দেশটির সরকার বিরোধীরা। আন্দোলন দমনে সরকারের মারমুখী ভূমিকায় আন্দোলন এক সময় সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছে। কিন্তু ভেটো ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এ পরামর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতিসংঘের সা¤প্রতিক এক মানবাধিকার প্রতিবেদনে, সিরিয়ার সহিংসতায় সিরীয় সরকার ও বিদ্রোহী উভয়পক্ষই মারাত্মক মানবাধিকার লঙ্ঘণ করছে বলে অভিযোগ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৬ ঘ.