২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্রতম কৃত্রিম হৃদপিণ্ডে রক্ষা পেল শিশুর জীবন

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কৃত্রিম হৃদপিণ্ড সংযোজন করে ১৬ মাস বয়সী এক শিশুকে ১৩ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন ডাক্তাররা। এরপর এক দাতার হৃদপিণ্ড সংযোজনের মাধ্যমে শিশুটির জীবন নিশ্চিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 05:14 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

রোম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কৃত্রিম হৃদপিণ্ড সংযোজন করে ১৬ মাস বয়সী এক শিশুকে ১৩ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন ডাক্তাররা। এরপর এক দাতার হৃদপিণ্ড সংযোজনের মাধ্যমে শিশুটির জীবন নিশ্চিত করা হয়। রোমের বামবিনো গেসু হাসপাতালের ডাক্তাররা গত এপ্রিলে জটিল এই অস্ত্রোপচারটি করেন। আর চলতি সপ্তাহে খবরটি প্রকাশ করেন তারা। শিশুটি ডিলেটেড মাইয়োকার্ডিওপ্যাথি নামে হৃদপিণ্ডের এক জটিল রোগে ভুগছিল। এটি হৃদপেশীর একটি রোগ। সাধারণত এই রোগে হৃদপেশীর তন্তুগুলো বড় হয়ে যায়। হৃদপিণ্ড ধীরে ধীরে দুর্বল হয়ে রক্ত সঞ্চালন করার ক্ষমতা হারিয়ে ফেলে। “এ অস্ত্রোপচার একটি বিশাল সাফল্য,” রয়টার্স টেলিভিশনকে বলেন সার্জন আন্তোনিও আমোদিও। তিনি বলেন, “ক্ষুদ্র কৃত্রিম হৃদপিণ্ডটি এখন হৃদপিণ্ড সংযোজনের মধ্যবর্তী পর্যায়ে ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে এটি স্থায়ী হৃদপিণ্ড হিসেবে ব্যবহার করা হবে।” টাইটেনিয়ামে তৈরি কৃত্রিম হৃদপিণ্ডটির ওজন ছিল ১১ গ্রাম। এটি প্রতি মিনিটে দেড় লিটার রক্ত সঞ্চালন করতে পারে। পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য ব্যবহার করা কৃত্রিম হৃদপিণ্ডের ওজন হয় ৯শ’ গ্রাম। ১ মাস বয়স থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানান আমোদিও। যুক্তরাষ্ট্রের ডাক্তার রবার্ট জার্ভিক ক্ষুদ্র এই কৃত্রিম হৃদপিণ্ডটির উদ্ভাবক। এর আগে শুধু প্রাণীর ওপর যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিল। এই অস্ত্রোপচারের জন্য ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০৩ ঘ.