২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক্তারের জেল: পাকিস্তানে সহায়তা কমাল যুক্তরাষ্ট্র

সিআইএ’কে সহায়তাকারী ডাক্তারের জেলের ঘটনার জেরে পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখ ডলার সাহায্য কমিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ওয়াশিংটন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিআইএ’কে সহায়তাকারী ডাক্তারের জেলের ঘটনার জেরে পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখ ডলার সাহায্য কমিয়েছে যুক্তরাষ্ট্র। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের খোঁজ দিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) সহায়তা করার অভিযোগে গত বুধবার শাকিল আফ্রিদি নামের এক ডাক্তারকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তান। এরপরপরই পাকিস্তানকে সহায়তা কমানোর এ সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রের সিনেট প্যানেল। সিনেটের ‘অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’ জানিয়েছে, শাকিল আফ্রিদিকে শাস্তি দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র প্রতি বছর পাকিস্তানকে ১০ লাখ ডলার কম সাহায্য দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আফ্রিদির এ শাস্তিকে “অবিচার এবং অহেতুক” বলে অভিহিত করেছেন। সাংবাদিকদের সামনে বৃহস্পতিবার তিনি বলেন, “ ডা. আফ্রিদিকে কারাবন্দি রাখার কোন ভিত্তি আছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। আমরা তাকে দোষী সাব্যস্ত করা এবং কঠোর শাস্তির নিন্দা জানাচ্ছি।” বিষয়টি নিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেও জানান। পাকিস্তানের খাইবার এলাকার আদিবাসী বিচার ব্যবস্থার আওতায় দেশদ্রোহীতার অভিযোগে দোষী সাব্যস্ত হন শাকিল আফ্রিদি। সাজা হিসাবে তাকে ৩৩ বছরের কারাদণ্ডসহ ৩ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। আফ্রিদির বিরুদ্ধে ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনার অভিযোগ আছে। আর ওই কর্মসূচির মধ্য দিয়েই সিআইএ বিন লাদনের খোঁজ পায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টাও বলেছেন, বিন লাদেনের ডিএনএ সংগ্রহ করে তার খোঁজ পেতে সহায়তা করেছিলেন আফ্রিদি। ২০১১ সালের ২ মে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ গোপন অভিযানে বিন লাদেন নিহত হন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে ফাটল দেখা দেয়। বিন লাদেন হত্যা অভিযানের কিছুদিন পরই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন আফ্রিদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ঘ.