পেশাওয়ার, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হদিস পেতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহযোগিতা করায় এক ডাক্তারকে জেল দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের খাইবার এলাকার আদিবাসী বিচার ব্যবস্থার আওতায় দেশদ্রোহীতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন শাকিল আফ্রিদি নামের ওই ডাক্তার।
তাকে সাজা হিসাবে ৩৩ বছরের জেল দেওয়াসহ ৩ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তা ও টেলিভিশন চ্যানেলগুলো ।
আফ্রিদির বিরুদ্ধে ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনার অভিযোগ আছে। তার ওই কর্মসূচির মধ্য দিয়েই সিআইএ বিন লাদনের খোঁজ পায়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টাও বলেছেন, বিন লাদেনের ডিএনএ সংগ্রহ করে তার খোঁজ পেতে সহায়তা করেছিলেন আফ্রিদি।
এ বছরের শুরুর দিকে, যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে’র “সিক্সটি মিনিটস” অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।
আফ্রিদি সম্পর্কে প্যানেট্টার মন্তব্য, তিনি কোনভাবেই দেশদ্রোহী নন, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন।
আফ্রিদির এ পদক্ষেপ পাকিস্তানি ও মার্কিনিদের স্বার্থ রক্ষা করেছে বলে তার মুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
২০১১ সালের ২ মে মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ গোপন অভিযানে বিন লাদেন নিহত হন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে ফাটল দেখা দেয়।
একদিকে পাকিস্তানের সেনাশহর অ্যাবটাবাদে লাদেনের অবস্থানের বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পাকিস্তান সরকার।
অন্যদিকে, পাকিস্তানকে না জানিয়ে মার্কিন সেনাদের গোপনে অভিযানে লাদেন নিহত হওয়ার ঘটনায় সার্বভৈৗমত্ব লঙ্ঘিত হয়েছে বলেও জনরোষের মুখে পড়ে ইসলামাবাদ।
বিন লাদেন হত্যা অভিযানের কিছুদিন পরই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন আফ্রিদি।
আফগানিস্তানে ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহ রুট খোলা নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় জটিল পরিস্থিতির মধ্যে আফ্রিদির কারাদণ্ডের এ ঘটনায় ওয়াশিংটনের ক্ষোভ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৯ঘ.
bdnews24