দুবাই, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বুধবারের আলোচনায় পশ্চিমা শক্তিগুলোর চাপ প্রয়োগের কোনো চেষ্টাই কাজে আসবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি।
ইরাকের রাজধানী বাগদাদে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে সালেহি একথা বললেন।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছার চেষ্টায়ই এ বৈঠকে বসেছে দুপক্ষ। ইরানের অনুরোধেই ছয় বিশ্বশক্তির সঙ্গে নতুন করে এ আলোচনা শুরু হয়েছে।
বৈঠকের আগে তেহরানে এক সংবাদ সম্মেলনে সালেহি বলেন, “তাদের (পশ্চিমা শক্তিধর দেশগুলো) চাপ প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শনের নীতিতে কোনো ফায়দা হবে না। তাদেরকে এ ইস্যু সমাধানে বন্ধুত্বপূর্ণ নীতি নিতে হবে।”
তবে বাগদাদে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত সুসংবাদ বয়ে আনতে পারে বলেও এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন তিনি।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে বলে সন্দেহ করে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। সেকারণে এ কর্মসূচি বন্ধে ইরানকে বাধ্য করতে দেশটির ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা।
ওদিকে, ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত বলে দাবি করে আসছে। আর তাই বুধবারের বৈঠকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে বিষয়টি আলোচনায় টেনে আনতে চায় ইরান।
সালেহি ইতোমধ্যেই ইরানের ওপর উত্তরোত্তর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের এ আচরণকে বৈরি আখ্যা দিয়ে তিনি বলেন, কৌশলগত দিক থেকে এটি ভুল বলেই তিনি মনে করেন এবং সময় নষ্ট না করে তারা অবিলম্বে সমস্যা তৈরি হওয়ার আগেই দুরদৃষ্টি দিয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করবে বলে তিনি আশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24