২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনি ডেপের নতুন নাম ‘মাহ উ মে’

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী খ্যাতি পাওয়া অভিনেতা জনি ডেপের নতুন নাম ‘মাহ উ মে’। যুক্তরাষ্ট্রের আদিবাসী কোমানচে গোত্রের সম্মানসূচক সদস্য করে নেওয়ার পর তাকে এই নতুন নাম দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

সান্তা ফে, নিউ মেক্সিকো, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী খ্যাতি পাওয়া অভিনেতা জনি ডেপের নতুন নাম ‘মাহ উ মে’। যুক্তরাষ্ট্রের আদিবাসী কোমানচে গোত্রের সম্মানসূচক সদস্য করে নেওয়ার পর তাকে এই নতুন নাম দেওয়া হয়েছে। ‘মাহ উ মে’র অর্থ ‘নানারূপ ধারণে সক্ষম’। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একজন আদিবাসী অধিকারকর্মী জানান, গত ১৬ মে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যালবাকার্কির একটি আদিবাসী পরিবারের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪৮ বছর বয়সী এ অভিনেতাকে কোমানচে গোত্রের সদস্য করে নেওয়া হয়। নিউ মেক্সিকোতে ‘দি লোন রেঞ্জার’ সিনেমার শ্যুটিংয়ের উদ্দেশে অবস্থান করছিলেন জনি ডেপ। এ চলচ্চিত্রের মূল চরিত্র এক মুখোশধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী আদিবাসী আমেরিকান সহকারী ‘তোনতো’র চরিত্রে অভিনয় করছেন তিনি। আদিবাসী অধিকার সংগঠন ‘আমেরিকানস ফর ইন্ডিয়ান অপরচুনিটি’র প্রতিষ্ঠাতা ও প্রধান লা ডোনা হ্যারিস বলেন, তার (জনি ডেপ) আদিবাসী আমেরিকান যোগসূত্র সম্পর্কে আমি পড়েছি। গত মাদার্স ডে’র দিন আমার মনে হয়, তাকে আমাদের দত্তক নেওয়া উচিত। কেন্টাকির অধিবাসী জনি ডেপ গত বছর ‘এন্টারটেইনমেন্ট উইকলি’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার প্রপিতামহীর পূর্বপুরুষরা সম্ভবত আদিবাসী ‘চেরোকি’ অথবা ‘ক্রিক ইন্ডিয়ান’ গোত্রের ছিলেন। লা ডোনার ভাই ‘দ্য লোন রেঞ্জার’ চলচ্চিত্রের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কর্মরত। তিনিই ঘরোয়া অনুষ্ঠানটির আয়োজন করেন। লা ডোনা বলেন, আমার পরিবারে দত্তক নেওয়ার পর কোমানচে গোত্রের একজন সম্মানসূচক সদস্য হিসেবে তাকে স্বীকৃতি দেন গোত্র প্রধান। আর এরপরই তাকে কোমানচে নাম দেওয়া হয়েছে ‘মাহ উ মে’। আগামী বছর ‘দ্য লোন রেঞ্জার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫০ ঘ.