তিউনিস, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আল বাগদাদি আলি আল-মাহমুদিকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া। আর এক্ষেত্রে কয়েক দিন বা সপ্তাহ খানেক সময় লেগে যেতে পারে।
মঙ্গলবার তিউনিসিয়ার আইনমন্ত্রী নুরেদ্দিন বোওহেইরি একথা জানান।
লিবিয়ার বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অধীনে বিচারের জন্য ফেরত পাঠানো হলে মাহমুদিই হবেন সাবেক গাদ্দাফি সরকারের ঊর্ধ্বতন প্রথম কোনো কর্মকর্তা। আর এটি বাস্তবায়িত হলে লিবিয়ার প্রয়াত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির অধীনস্ত সদস্যদের আশ্রয় দানকারী দেশগুলোর কাছে তা উদাহরণ সৃষ্টি করবে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বোওহেইরি বলেন, “সাংগঠনিক কিছু বিষয়ের সমাপ্তির পর মাহমুদি ও তিউনিসিয়ায় থাকা অন্যান্যদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
“এতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ অথবা আরো বেশি সময় লাগতে পারে।”
এনটিসি’র এক মুখপাত্র এ সংবাদকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, এ ঘটনা সত্যিই ঘটছে কি না তা এখনও নিশ্চিত নয়।
মাহমুদিকে বিচারের মুখোমুখি করতে দীর্ঘদিন ধরে দেশটির প্রতি আহ্বান জানিয়ে আসছিলো এনটিসি।
গাদ্দাফির শাসনামলে ২০০৬ সালে মাহমুদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের আগস্ট মাসে বিদ্রোহীরা লিবিয়ার রাজধানী দখলের আগ পর্যন্ত এ পদে ছিলেন তিনি।
রাজধানী দখলের পর প্রতিবেশী দেশ তিউনিসিয়ায় পালিয়ে যান মাহমুদি।
গত নভেম্বর মাসে মাহমুদিকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেয় তিউনিসিয়ার এক আদালত।
তবে সেসময় তিউনিসিয়ার প্রেসিডেন্ট মোনসেফ আল- মারজুকি জানান, লিবিয়ার পরিস্থিতি স্থিতিশীল এবং মাহমুদি যে ন্যায়বিচার পাবেন তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ফেরত পাঠানো হবে না।
মঙ্গলবার দেশটির সরকার তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০২৭ ঘ.
bdnews24