২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতনে লড়ে যাবেন ফনসেকা

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমার আওতায় জেল থেকে মুক্তি পাওয়ার পরই সরকার পতনে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সাবেক সেনা প্রধান জেনারেল শরৎ ফনসেকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

কলোম্বো, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমার আওতায় জেল থেকে মুক্তি পাওয়ার পরই সরকার পতনে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সাবেক সেনা প্রধান জেনারেল শরৎ ফনসেকা। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মুক্তির আদেশে সোমবার জেল থেকে ছাড়া পান তার (রাজাপাকসে) প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফনসেকা। কিন্তু মুক্তির প্রথম দিনেই তার কণ্ঠে ধ্বনিত হল সরকার বিরোধী বক্তব্য। রাজধানীর কলোম্বোর বাইরে নিজ বাড়িতে বসে রয়টার্সের সঙ্গে ফোনে এক সাক্ষাৎকারে ফনসেকা বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ৫ থেকে ১০ বছর লেগে যেতে পারে। কিন্তু তারপরও তিনি বিরোধীদলগুলোর সঙ্গে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে লড়ে যেতে চান। পশ্চিমা দেশগুলোর চাপে শ্রীলংকা সরকার ফনসেকাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে তার সমর্থকরা। এ শর্তানুযায়ী ফনসেকা নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এ সম্পর্কে ৬১ বছর বয়স্ক ফনসেকা বলেন, “আমি হয়ত নির্বাচনী প্রতিযোগিতা এবং ভোটের সুযোগ পাব না। কিন্তু তারপরও আমি রাজনীতি করতে পারব।” “আমি জনগণকে দীক্ষা দিতে পারব, তাদের সঙ্গে কথা বলতে পারব, বৈঠক করতে পারব। সরকারের পতন নিশ্চিত করতে যে কোনো কিছুই আমি করতে পারব এবং জনগণের কল্যাণের দিকে নজর দেবে এমন আরেকটি সরকার পত্তনের চেষ্টা করতে পারব,” বলেন তিনি। শ্রীলঙ্কার ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে শরৎ ফনসেকার ভূমিকাকে শ্রদ্ধার চোখে দেখে সাধারণ শ্রীলঙ্কান সিংহলীরা। তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনী প্রধান ছিলেন তিনি। আর তাই অনেকের দৃষ্টিতেই ফনসেকা বীরের মর্যাদায় মহিমান্বিত। সোমবার ওয়েলিকাদা জেল থেকে বের হয়েই তিনি জনগণের জন্য জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেন। এ সময় জেলের বাইরে সমবেত তার সমর্থকরা ‘যুদ্ধবীরের জয়’, ‘আমাদের নেতার জয়’ ধ্বনিতে স্লোগান দিয়ে উল্লাস করে। শুক্রবার সন্ধ্যায় ফনসেকার মুক্তির আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করেন। এরপর আইনি আরো কিছু প্রক্রিয়ার পর তিনি মুক্তি পান। সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়ার অঙ্গীকার করা ছাড়াও সরকারকে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্তে সহায়তা করতে হবে বলেও মন্তব্য করেছেন ফনসেকা। বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রীলংকার কিছু নেতার মনোভাবে বিশ্ব এমন ধারণাই পাচ্ছে যে, তাদের কোনো না কোনো দোষ আছে। বিশ্লেষ,দের ধারণা, শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে সরকার ফনসেকাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুক্তি পেলেও ফনসেকার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা থাকছে। যুদ্ধপরবর্তী সময়ে প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে ফনসেকার সম্পর্কে চিড় ধরে। যুদ্ধে তার ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে অভিযোগ করেন ফনসেকা। আর রাজাপাকসে উদ্বিগ্ন ছিলেন ফনসেকার সেনাঅভ্যুত্থান আশঙ্কা নিয়ে। গৃহযুদ্ধের শেষ পর্যায়ে বন্দি তামিল গেরিলাদের হত্যা নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে। বন্দি তামিল গেরিলাদের নির্বিচার হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এই বিতর্ক উস্কে ওঠে ২০০৯ সালে ফনসেকার দেওয়া এক সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে ফনসেকা বন্দি গেরিলাদের নির্বিচার হত্যার জন্য প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, গোতাবায়া রাজাপাকসে আত্মসমর্পণ করা গেরিলা নেতাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে তাকে জানানো হয়েছিল। এই সাক্ষাৎকার দেওয়ার পর তার বিরুদ্ধে সেনা তহবিল তছরুপের অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে ২০১০ সালের ফেব্র“য়ারিতে ফনসেকাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ফনসেকা। ফনসেকা শ্বাসকষ্টের সমস্যায় ভূগছেন। অসুস্থতাজনিত কারনে তাকে মুক্তি দিতে প্রেসিডেন্ট রাজাপাকসে বাধ্য হয়েছেন বলে ধারণা অনেকের। গত কয়েক সপ্তাহ ধরে কড়া পাহারায় হাসপাতালে রাখা হয়েছিল ফনসেকাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এলকিউ/২১৩৭ঘ.