লন্ডন, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পানিতে দূষণ খুঁজে বের করার কাজে ইউরোপীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত রোবট মাছ পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছে সাগরে।
মঙ্গলবার স্পেনের উত্তরাঞ্চলের গিজন বন্দরে এ রোবট মাছ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।
কয়েক সেকেন্ডের মধ্যে পানি দূষণকারী পদার্থ খুঁজে পেতে সক্ষম এ রোবট। বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ, পানি সরবরাহ ও শোধনের কাজে নিয়োজিত এবং পানির মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোতে এ মাছ সাড়া জাগাবে বলেই আশা করছেন এর উদ্ভাবকরা।
এছাড়া, পানিতে ভাসমান তেল নিষ্কাশনে, পানির নিচে নিরাপত্তা নিশ্চিত করতে, গভীর সমুদ্রের সাতারুদের পর্যবেক্ষণে অথবা সমুদ্রে উদ্ধার অভিযানেও এ রোবট ব্যবহার করা যাবে বলে মনে করছেন এর নির্মাতারা।
৫ ফুট (১ দশমিক ৫ মিটার) লম্বা এ রোবট মাছগুলোর প্রতিটির মূল্য ২০ হাজার পাউন্ড। সত্যিকারর মাছের মতোই সাঁতার কাটার উপযুক্ত করে নকশা করা হয়েছে এগুলো।
এরা অবাধে চলাফেরা করতে পারবে, পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং নিজেদের সংগ্রহ করা তথ্য এক কিলোমিটার দূরে তীরে অবস্থিত স্টেশনে পাঠাতে সক্ষম হবে।
এগুলোতে সংযুক্ত সেন্সরগুলো গভীর সমুদ্রে জাহাজ অথবা সমুদ্রের তলদেশে তেল সরবরাহকারী পাইপ লাইনগুলো থেকে নির্গত হওয়া তেল খুঁজে পাবে।
মাছ রোবট নির্মাণকারী ব্রিটিশ প্রতিষ্ঠান বিএমটি গ্র“পের বিজ্ঞানী লুউক স্পেলার বলেন, সেন্সরগুলোর কারণে রোবট মাছ তাৎক্ষণিক ও স্থানীয়ভাবে নমুনা পরীক্ষায় সক্ষম হবে। বর্তমানে নমুনা স্থলভাগে এনে বিশ্লেষণ করার দীর্ঘ প্রক্রিয়া এর মধ্য দিয়ে কমানো যাবে।
এক সপ্তাহ পরীক্ষামূলক অভিযানের পরে এসব রোবটে প্রয়োজনীয় সংস্কার করে বাণিজ্যিকভাবে তা বাজারে ছাড়া হবে। সংস্কারের পর এগুলোর মূল্য আরো কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন এর নির্মাতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৪৬ঘ.
bdnews24