২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তি শিগগিরই: আইএইএ

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি তদন্তে সহযোগিতা বাড়ানো নিয়ে শিগগিরই দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছার আশা প্রকাশ করেছেন জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান ইউকিয়ো আমানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ভিয়েনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি তদন্তে সহযোগিতা বাড়ানো নিয়ে শিগগিরই দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছার আশা প্রকাশ করেছেন জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান ইউকিয়ো আমানো। বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বৈঠকে বসার একদিন আগে এবং তেহরানে বিরল এক বৈঠকের পরদিন আমানো একথা বললেন। তেহরান থেকে ফিরে আমানো সাংবাদিকদের বলেন, শেষ পর্যন্ত একটি সমাধান এবং চুক্তি সইয়ের সিদ্ধান্ত হয়েছে। বলতে পারি, চুক্তিটি খুব শিগগিরই সই হবে। ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলির সঙ্গে বৈঠকের পর আমানো একথা জানিয়ে আমানো বলেন, আমরা একে অপরের অবস্থান সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল। ইরানের সঙ্গে আলোচনায় তেহরানের পারচিন সামরিক ঘাঁটি পরিদর্শনের বিষয়টি নিয়েও আলাপ হয়েছে এবং এ বিষয়টিও চুক্তিতে থাকবে বলে জানান আমানো। চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় আইএইএ’র তদন্তকারীরা ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির সন্দেহজনক স্থানগুলো পরিদর্শনের চেষ্টা নেবে এবং এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য ও নথি পরমাণু বিজ্ঞানীদের দিয়ে পরীক্ষা করাবে। আমানো বলেন, ইরানের সঙ্গে আলোচনায় কিছু বিষয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে। কিন্তু তা চুক্তি সইয়ের পথে কোনো বাধা হবে না বলে জলিলি তাকে আশ্বাস দিয়েছেন। ২৩ মে ছয় বিশ্বশবিক্তর সঙ্গে ইরাকের রাজধানী বাগদাদে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর আশঙ্কা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩৮ঘ.