বাফেলো, নিউ ইয়র্ক, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নায়াগ্রা জলপ্রপাতের ওপর থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন এক ব্যক্তি।
কানাডা পুলিশ জানিয়েছে, সোমবার নায়াগ্রার প্রায় ৫৩ মিটার ওপর থেকে নিচে লাফিয়ে পড়েন ওই ব্যক্তি।
প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নায়াগ্রায় লাফিয়ে পড়ে বেঁচে যাওয়া তৃতীয় ব্যক্তি তিনি।
কানাডা নায়াগ্রা পার্কের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জলপ্রপাতের তীরে প্রায় ২০ ফুট উঁচু একটি দেয়ালের ওপর উঠে তিনি লাফিয়ে পড়েন।
৪০’র কোঠায় বয়সের ওই ব্যক্তি কয়েক সেকেন্ডে পরেই পর্যবেক্ষণ প্লাটফর্মের কাছে নায়াগ্রা নদীতে পড়ে বলেও পুলিশ জানায়।
এক বিবৃতিতে পুলিশ জানায়, “নদীর তীরে কোমর পানি হবে এমন একটা জায়গায় পাথরের সঙ্গে তাকে আটকে থাকতে দেখে নায়াগ্রা পার্কের এক পুলিশ কর্মকর্তা।”
উদ্ধারের পর মুমূর্ষু অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হ্যামিল্টন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তি কেন ও কীভাবে জলপ্রপাতের ওপর গেছেন সে বিষয়টি অনুসন্ধান করে দেখছে কানাডা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৩ ঘ.
bdnews24