২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সামনে কঠিন সময়: ওবামা

আফগানিস্তানে সামনের দিনগুলোতে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

শিকাগো, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে সামনের দিনগুলোতে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আফগান যুদ্ধ নিয়ে শিকাগোয় ন্যাটো জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের চলমান সম্মেলনে রোববার ওবামা বলেন, “এখনো সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে।” তিনি বলেন, “আমাদের সবার নিরাপত্তার জন্য আমরা সবাই একসঙ্গে ত্যাগস্বীকার করেছি। এ অভিযান শেষ করার আমাদের যে লক্ষ্য তা পূরণে আমরা সবাই একতাবদ্ধ থাকবো।” আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তালেবান সরকার ক্ষমতাচ্যুৎ হলেও গত ১০ বছরের বেশি সময় ধরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেনি নেটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। উপরন্তু জাতিসংঘের হিসাবে ২০১১ সালেই আফগান যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এ বছর মোট তিন হাজার ৩১ জন মানুষ নিহত হয় জানিয়ে জাতিসংঘ বলেছে, এদের বেশিরভাগই জঙ্গি হামলায় নিহত হয়েছে। এ পরিস্থিতিতেই সামনের দিনগুলোতে কঠিন সময় আসবে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ন্যাটোর ২৮ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্বের ৫০ জনের বেশি নেতা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও রয়েছেন। রোববার ন্যাটো জোট নেতারা ২০১৩ সালের মাঝামাঝি আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ের নেতৃত্ব আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন। এছাড়া ২০১৪ সালের শেষ নাগাদ দেশটির নিরাপত্তার পুরো দায়িত্ব আফগান বাহিনীকে দিয়ে সেখান থেকে সেনা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে ন্যাটোর। এদিকে চলতি বছরেই আফগানিস্তান থেকে সব ফরাসি সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। ন্যাটো নির্ধারিত সময়ের দুই বছর আগেই সৈন্য ফিরিয়ে নেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/১৭৪০ ঘ.