২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জাতিসংঘ গাড়িবহরের কাছে বিস্ফোরণ

সিরিয়ায় অস্ত্রবিরতি তদারকিতে যাওয়া জাতিসংঘের প্রধান পর্যবেক্ষকের গাড়িবহরের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 04:03 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

সিরিয়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় অস্ত্রবিরতি তদারকিতে যাওয়া জাতিসংঘের প্রধান পর্যবেক্ষকের গাড়িবহরের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাজধানী দামেস্কের ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমের দৌমা শহরে রোববার জাতিসংঘ পর্যবেক্ষক দলের গাড়িবহর থেকে মাত্র দেড়শ’ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রত্যক্ষদর্শী জানান। গাড়িবহরে জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুডের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে লাডসোসও ছিলেন। রয়টার্সের প্রতিবেদক জানান, পর্যবেক্ষক দলের প্রধানের গাড়িটি একটি সেনা তল্লাসি চৌকিতে থামলে কাছাকাছি স্থানে রাস্তার পাশে পুতে রাখা একটি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর জাতিসংঘ প্রতিনিধি দল সেখান থেকে চলে যান। দৌমার এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, রোববার সকালে সেখানে সংঘর্ষ হয়েছে এবং বন্দুকধারীর হামলায় নিরাপত্তা বাহিনীর ২৯ সদস্য আহত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে গত বছর মার্চ থেকে সেখানে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার এক পর্যায়ে সেনাবাহিনীর একাংশের বিদ্রোহে ফলে সেখানে সরকারি বাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সহিংসতা বন্ধে জাতিসংঘের শান্তি দূত কফি আনানের মধ্যস্থতায় গত ১২ এপ্রিল থেকে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও বিরোধীদের মধ্যে অস্ত্রবিরতি শুরু হলেও সহিংসতা এখনো চলছে। এ পরিস্থিতিতে অস্ত্রবিরতির বাস্তবায়ন তদারকিতে দেশটিতে বর্তমানে জাতিসংঘের প্রায় দেড়শ’ পর্যবেক্ষক অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০৯৫৮ ঘ.