২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হামায় গোলা, দামেস্কে বিস্ফোরণ

সিরিয়ার হামায় রোববার গোলা হামলায় ১৬ জন নিহত হয়েছে। অন্যদিকে, দামেস্কে জাতিসংঘ গাড়িবহরের কাছে ঘটেছে বোমা বিস্ফোরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

বৈরুত, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ায় হামা প্রদেশের সওরান শহরে সেনাবাহিনীর গোলা হামলায় রোববার শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রমি আব্দুলরহমান অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্সকে বলেছেন, সেনাবাহিনী শহরে গোলা ছুড়ে সবকিছু লন্ডভন্ড করেছে। একইদিনে রাজধানী দামেস্কের দৌমায় প্রধান জাতিসংঘ পর্যবেক্ষকের গাড়িবহরের কাছে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে। গাড়িবহরের ১৫০ মিটার দূরে বোমা বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রধান জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষক মেজর জেনারেল রবার্ট মুডসহ উর্ধ্বতন আরেকজন জাতিসংঘ কর্মকর্তা গাড়িবহরে ছিলেন। প্রধান পর্যবেক্ষক এর গাড়ি একটি সামরিক তল্লাশি কেন্দ্রে থামার পর কাছাকাছি একটি জায়গায় বোমা বিস্ফোরণ হয়। মুড এর সঙ্গে ছিলেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল হার্বে ল্যাডসোস। ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, বিস্ফোরণে একটি টয়োটা পিকআপের সামনের দিক উড়ে যেতে দেখেছেন তারা। তবে পর্যবেক্ষণ মিশন থেকে এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে রয়েছে ২৫০ জনেরও বেশি পর্যবেক্ষক। কিন্তু এখনও সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে সহিংসতা-সংঘর্ষ। দৌমা এলাকার এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, সকালের দিকে ওই এলাকায় সংঘর্ষ হয়েছে এবং বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ২৯ সদস্য আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৮ঘ.