কলম্বো, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কারাগারে আটক শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান ও প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেনারেল শরৎ ফনসেকাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
শ্রীলঙ্কান প্রেসিডেন্টের মুখপাত্র বান্দুলা জয়াসেকারা রোববার জানান, সোমবার শ্রীলঙ্কার আইন মন্ত্রাণালয়ে ফনসেকার মুক্তির আদেশটি পাঠানো হতে পারে।
“শুক্রবার সন্ধ্যায় ফনসেকার মুক্তির আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন,” বলেন জয়াসেকারা।
শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে সরকার ফনসেকাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শিগগির মুক্তি পেলেও ফনসেকার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে।
শ্রীলঙ্কার ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে শরৎ ফনসেকার ভূমিকাকে শ্রদ্ধার চোখে দেখে সাধারণ শ্রীলঙ্কান সিংহলীরা। তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনী প্রধান ছিলেন তিনি। জেনারেল ফনসেকা ও শ্রীলঙ্কার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
যুদ্ধপরবর্তী সময়ে তাদের সম্পর্কে চিড় ধরে। যুদ্ধে তার ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে অভিযোগ করেন ফনসেকা। আর রাজাপাকসে উদ্বিগ্ন ছিলেন ফনসেকার সম্ভাব্য সেনাঅভ্যুত্থান সম্ভবনা নিয়ে।
গৃহযুদ্ধ শেষ পর্যায়ে বন্দি তামিল গেরিলাদের হত্যা নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে। বন্দি তামিল গেরিলাদের নির্বিচার হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এই বিতর্ক উস্কে ওঠে ২০০৯ সালে ফনসেকার দেওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারে ফনসেকা বন্দি গেরিলাদের নির্বিচার হত্যার জন্য গোতাবায়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, গোতাবায়া রাজাপাকসে আত্মসমর্পণ করা গেরিলা নেতাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে তাকে জানানো হয়েছিল।
এই সাক্ষাৎকার দেওয়ার পর তার বিরুদ্ধে সেনা তহবিল তছরুপের অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে ২০১০ সালের ফেব্র“য়ারিতে ফনসেকাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপাকসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ফনসেকা।
কারাগারে বন্দি ফনসেকা শ্বাসকষ্টের সমস্যায় ভূগছেন। অসুস্থতাজনিত কারনে তাকে মুক্তি দিতে প্রেসিডেন্ট রাজাপাকসে বাধ্য হয়েছেন বলে ধারণা অনেকের। গত কয়েক সপ্তাহ ধরে কড়া পাহারায় হাসপাতালে রাখা হয়েছিল ফনসেকাকে।
এদিকে, শনিবার গৃহযুদ্ধ অবসানের তৃতীয় বর্ষপূর্তি পালন করেছে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৩০ ঘ.
bdnews24