বৈরুত, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দির আল যরে সামরিক গোয়েন্দা দপ্তরের কাছে শনিবার একটি গাড়ি বোমার বিস্ফোরণে ৯ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।
আত্মঘাতী বোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’।
সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠী ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, দির আল যরের সামরিক গোয়েন্দা দপ্তরের কাছে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
দির আল যরের যে রাস্তায় বোমটির বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে একটি সামরিক হাসপাতাল ও বিমান বাহিনী গোয়েন্দা বিভাগের একটি দপ্তর রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
তবে সিরিয়ায় সংবাদ মাধ্যমের কার্যক্রমের ওপর সরকারি বিধিনিষেধ থাকায় কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে ঘটনাটি যাচাই করা যায়নি।
চলতি মাসের ১০ তারিখে সিরিয়ার রাজধানী দামেস্কে গোয়েন্দা বিভাগের একটি দপ্তরের কাছে দুইটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৫৫ নিহত হয়।
গত ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যেগে সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্য একটি যুদ্ধবিরতি শুরু হলেও তা সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়।
গত ১৪ মাস ধরে চলা এই সহিংসতায় প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিদ্রোহীদের বিদেশী মদতপুষ্ট ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের হাতে ৩ হাজার ৫’শ সরকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে দাবী করেছে সিরীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/বিসিএস/১৮০৩ ঘ.
bdnews24