২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ও সিরিয়া বিষয়ে ঐক্যবদ্ধ জি-এইট: যুক্তরাষ্ট্র

ইরানি পরমাণু প্রকল্প ও সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রাথমিক আলোচনায় সহমত হয়েছেন জি-এইট নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ক্যাম্প ডেভিড, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানি পরমাণু প্রকল্প ও সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রাথমিক আলোচনায় সহমত হয়েছেন জি-এইট নেতারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া জি-এইট এর শীর্ষ সম্মেলন উপলক্ষে সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের ক্যাম্প ডেভিডে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-এইট। তবে হালের অর্থনৈতিক পরাশক্তি চীন কিংবা ভারত ও ব্রাজিলও এ সংগঠনে নেই। ক্যাম্প ডেভিডে সমবেত সংগঠনটির নেতারা সম্মেলনের প্রথমদিন বিশ্বের নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় আট দেশের সরকার প্রধানই উপস্থিত ছিলেন। বর্তমান জি-এইট নেতারা হলেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রীর পদে ফেরা দিমিত্রি মেদভেদেভসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা, ইতালির প্রধানমন্ত্রী মারিও মোন্তি ও কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। পরমাণু প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে ইরানের আরো খোলামেলা হওয়া উচিত বলে সম্মেলনে মত প্রকাশ করেন এই বিশ্ব নেতারা। তারা সিরিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার সময় হয়েছে বলে তারা সহমত পোষণ করেন। এছাড়া পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত বলেও মত প্রকাশ করেন তারা। ‘একগুয়ে নীতি’ বজায় রাখলে উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন তারা। জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন জি-এইট নেতারা। শনিবার শীর্ষ সম্মেলনে ইউরো জোনের সঙ্কট ও বিশ্ব তেলের বাজারসহ অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে তাদের আলোচনা করার কথা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের আহ্বানে মেদভেদেভ সমর্থন না দিলেও বিষয়টির বিরোধিতা করবেন না বলে জানিয়েছেন। জি-এইট নেতাদের সম্মানে শুক্রবার সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ওবামা। নৈশভোজের শেষদিকে জাপানি প্রধানমন্ত্রী নোদার জন্মদিন উপলক্ষে একটি চকোলেট কেক কাটার আয়োজন করেন ওবামা। রোববার নোদার জন্মদিন। শনিবার বিকেলে জি-এইট সম্মেলন শেষ হবে। এরপর ওবামাসহ জি-এইটের আরো কয়েকজন নেতা শিকাগোতে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৪৩৬ ঘ.