নিউ ইয়র্ক, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওয়েবসাইট ফেইসবুকের ‘শুভ সূচনা’ হয়েছে শেয়ার বাজারে।
যুক্তরাষ্ট্রের নাসডাকে শুক্রবার ফেইসবুকের শেয়ার বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে এর দাম আইপিওর ৩৮ ডলার থেকে এক লাফে ৪২ দশমিক ০৫ ডলারে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নাসডাকে ফেইসবুকের শেয়ারের আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়।
বৃহস্পতিবার ফেইসবুকের প্রতিটি শেয়ারের প্রাথমিক মূল্য ঠিক করা ৩৮ ডলার। এই হিসেবে মার্ক জুকারবার্গের আট বছরের এই প্রতিষ্ঠানের মূল্য দাঁড়ায় ১০৪ বিলিয়ন বা ১০ হাজার ৪০০ কোটি ডলার।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক টিম লগরান মনে করেন, প্রথম দিন ফেইসবুকের শেয়ারের দাম ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে।
অবশ্য বিশেষজ্ঞদের কেউ কেউ আরো ভালো কিছু আশা করছেন। তাদের বিশ্বাস, প্রথমদিনে ৫০ ডলার পর্যন্ত উঠতে পারে ফেইসবুকের শেয়ারের দাম।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এই আইপিও বাজারে এনে ১৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে ফেসবুক।
ফেইসবুক স্টক এক্সচেঞ্জে যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন এ কোম্পানির প্রায় ২৫ শতাংশের বেশি শেয়ারের মালিক ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। তার সহকর্মী ডাস্টিন মস্কোভিচ ও এদোয়ার্দো সাভেরিন এক রাতের মধ্যেই বিলিওনিয়ার বনে যাবেন।
ফেইসবুকের যাদের বিনিয়োগ আছে তাদের সবাই বিশাল অংকের মুনাফা করবেন। এদের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি অ্যাসেল পার্টনার্স, রাশিয়ার বিনিয়োগ গ্র“প ডিজিটাল স্কাই টেকনোলজি, মাইক্রোসফট ও ইউটু ব্যান্ডের বোনো।
আর শেয়ার লেনদেন শুরুর দিনেই কাগজে কলমে মিলিওনিয়ার বনে যাবেন এক হাজারেও বেশি বিনিয়োগকারী।
২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করা ফেইসবুকের সদস্য এখন ৯০ কোটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/২২২৫ ঘ.
bdnews24