২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতাল ছিলেন না, দাবি শাহরুখের

শাহরুখ খান মাতাল হয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন বলে অভিযোগ উঠলেও এই বলিউড তারকা দাবি করেছেন, সঙ্গী শিশুদের শরীরে আঘাত লাগায় ক্ষিপ্ত হয়ে অনাকাক্সিক্ষত ওই ঘটনায় জড়িয়ে পড়েন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহরুখ খান মাতাল হয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন বলে অভিযোগ উঠলেও এই বলিউড তারকা দাবি করেছেন, সঙ্গী শিশুদের শরীরে আঘাত লাগায় ক্ষিপ্ত হয়ে অনাকাক্সিক্ষত ওই ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। এর আগে কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাহরুখ খানকে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও করে তারা। তাদের অভিযোগ, বুধবার রাতে ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর কয়েক সঙ্গীকে নিয়ে মাঠে ঢুকতে চান শাহরুখ। তখন নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে তিনি তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই বলিউড তারকা। টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানায়। ঘটনার সময় শাহরুখ খান পুরোপুরি মদ্যপ ছিলেন বলে অভিযোগ করেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবি সভান্ত। এমসিএ’র অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনে শাহরুখ খান বলেন, “আমি মদ্যপ ছিলাম না। আমি আমার ছেলে-মেয়েদের উঠিয়ে আনতে গিয়েছিলাম। কর্মকর্তারা খুবই মারমুখী অবস্থায় ছিলেন। আমি তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হলেও কিছুক্ষণ পরেই তা ভুলে যাই। আমি ক্ষোভে কিছু কথা বলেছিলাম। আমি একা ছিলাম। আর তারা ছিলেন ২০ থেকে ২৫ জন কর্মকর্তা এবং তারা খুবই রূঢ় ছিলেন।” ওই কর্মকর্তাদেরই তার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন শাহরুখ। ওয়াংখেড় স্টেডিয়ামে তাকে নিষিদ্ধ করা বিষয়ে শাহরুখ বলেন, “এ ধরনের আচরণ করা হলে আমি নিজেই সেখানে যাবো না। আমার দিকে আগ্রাসীভাব নিয়ে লোকজন তেড়ে আসছিলো। নিরাপত্তার নামে শিশুদের সঙ্গে এখানে যা করা হয়েছে আমার মতে তা ক্ষমার অযোগ্য।” “আমি নিষেধাজ্ঞা সম্পর্কে জানি না। আমি এমসিএ’র প্রেসিডেন্ট দেশমুখকে ফোন করবো। তাদের আচরণ এবং তারা যেসব কথা বলেছে তা নিয়ে আমি অভিযোগ করবো,” বলেন শাখরুখ খান। এর আগে শাহরুখে বিরুদ্ধে অভিযোগ তুলে এমসিএ কর্মকর্তা রবি সভান্ত বলেন, “তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের প্রেসিডেন্ট ভিলাসারাও দেশমুখের সঙ্গেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ভবিষ্যতে সারা জীবনের জন্য এ স্টেডিয়ামে তার প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।” এ বিষয়ে শাহরুখের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-বিসিসিআই) কাছেও তারা অভিযোগ করবেন বলে জানান তিনি। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নিতিন ডালাল বলেন, “কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য আমরা তার বিরুদ্ধে ম্যারিন ড্রাইভ পুলিশ স্টেশনে একটি অভিযোগ করেছি।” তবে আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বলেছেন, শাহরুখকে স্টেডিয়ামে নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সব পক্ষের বক্তব্য নেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নয়া দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, “এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, শাহরুখ খান ও পুলিশের বক্তব্য শুনবো।” “মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি এ ব্যাপারে এমসিএ’র প্রেসিডেন্ট ভিলাসারাও দেশমুখের সঙ্গে কথা বলবো। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর এ বিষয়ে কথা বলবো,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২২৯ ঘ.