সিউল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া নতুন করে পরীক্ষামূলক একটি হালকা পানির পরমাণু চুল্লি (ইএলডবি¬ওআর) তৈরির কাজ শুরু করেছে।
এতে করে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনে দেশটি আরো সক্ষম হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র-কোরিয়া ইন্সটিটিউট পরিচালিত ওয়েবসাইট ‘৩৮নর্থ’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার ইয়ংবেয়ন পরমাণু স্থাপনায় পরমাণু চুল্লি নির্মাণ কাজ চলতে দেখা গেছে ৩০ এপ্রিলে তোলা স্যাটেলাইট ছবিতে।
গত ডিসেম্বরে এ চুল্লির নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর আবার তা শুরু করল উত্তর কোরিয়া। আগামী ২/১ বছরের মধ্যে চুল্লি¬টি চালু হবে।
যুক্তরাষ্ট্র ও চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে পিয়ংইয়ং তৃতীয়বারের মত পরমাণু অস্ত্র পরীক্ষার পদক্ষেপ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে নতুন এ চুল্লি নির্মাণ কাজ।
সম্ভবত এবারই প্রথম উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের তৈরি পরমাণু অস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার দাবি, বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের পারমাণবিক শক্তির প্রয়োজন। কিন্তু প্রতিরক্সার জন্য পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলে আসছে দেশটি।
সিরিয়া, লিবিয়া, মিয়ানমার ও পাকিস্তানের মত দেশের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি বাণিজ্যও রয়েছে পিয়ংইয়ং এর।
উত্তর কোরিয়াই প্রথম ২০০৩ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসে এবং আন্তর্জাতিক পরিদর্শকদেরকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শন করতে দিতে অস্বীকৃতি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৬ঘ.
bdnews24