২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লোস ফুয়েন্তেসের চিরপ্রস্থান

স্প্যানিশভাষী এই কথাসাহিত্যিকের নাম গত কয়েকবছর ধরেই নোবেল কমিটির তালিকায় আসছিল। অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কড়া সমালোচনার জন্যই হয়তো তিনি এই পুরস্কারটি পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:09 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

রাজু আলাউদ্দিন ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলে গেলেন লাতিন আমেরিকান সাহিত্যের বুম আন্দোলনের প্রধান লেখক কার্লোস ফুয়েন্তেস। মেহিকোর (মেক্সিকো) সময় বুধবার সকাল ৫টায় অসুস্থ বোধ করার পর গোসল করার জন্য বাথরুমে ঢুকলে সেখানে রক্তবমি করতে শুরু করেন তিনি এবং এক পর্যায়ে চেতনা হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা মেহিকো সিটির পেদ্রেগালে হসপিটাল আনহেলেসে নিয়ে যান ফুয়েন্তেসকে। সেখানেই দুপুর ১২টা ১৫ মিনিটে তার জীবনাবসান ঘটে বলে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। । ফুয়েন্তেসের বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে লাতিন আমেরিকার বুদ্ধিজীবী মহলে শোকের ছায়া নেেেম এসেছে। ২০১০ সালে নোবেল বিজয়ী লেখক, ফুয়েন্তেসের দীর্ঘ ৫০ বছরের বন্ধু পেরুর মারিও বার্গাস যোসা এক শোকবার্তায় বলেন, মেহিকোর লেখক কার্লোস ফুয়েন্তেসের মৃত্যুর সংবাদে গভীর দুঃখ বোধ করছি। ৫০ বছর ধরে তাকে চিনি। এই গোটা সময়টায় আমরা বন্ধুত্বকে অমলিন রেখেই বন্ধু হিসেবে কাটিয়েছি। ফুয়েন্তেসের মৃত্যুকে এক বিরাট ক্ষতি হিসেবে অভিহিত করেছেন কলোম্বিয়ার লেখক আলবারো মুতিস। মেহিকোর প্রেসিডেন্ট ফেলিপে কাল্দেরন শোক প্রকাশ করে বলেন, ফুয়েন্সে ছিলেন এক বিশ্বজনীন লেখক ও মেহিকানো (মেক্সিকান)। ফুয়েন্তেস ১৯২৮ সালের ১১ নভেম্বর এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা ছিলেন কূটনীতিবিদ। পরে ১৯৭৫ সালে ফুয়েন্তেসও পিতার অনুসরণে এই পেশায় যোগ দেন। কিন্তু এই পেশাগত পরিচয়ের চেয়ে লেখক ফুয়েন্তেসই বিশ্বব্যাপী বেশি পরিচিত হয়ে ওঠেন। উপন্যাস, গল্প, প্রবন্ধ ও নাটকসহ তার গ্রন্থের সংখ্যা ৬০টিরও বেশি। ১৯৫৪ সালে ‘লোস দিয়াস এনমাসকারাদোস’ এবং ১৯৫৮ সালে ‘লা রেহিয়ন মাস ত্রান্সপারেন্তে’ উপন্যাস প্রকাশের মাধ্যমে স্প্যানিশ সাহিত্যের বুম আন্দোলনের মারিও বার্গাস যোসা, হোসে দোনোসো, হুলিও কোর্তাসার, এর্নেস্তো সাবাতো, গিইয়ের্মো কাব্রেরা ইনফান্তে প্রমুখের সাথে যোগ দেন ফুয়েন্সেস। এর পর থেকে একের পর এক বেরুতে থাকে তার উপন্যাস, গল্প ও প্রবন্ধের বই। তার উপন্যাস ‘গ্রিংগো বিয়েহো’ অবলম্বনে তৈরি হয় চলচ্চিত্র। নিজে বুম আন্দোলনের লেখক হলেও, গোটা বুম লেখকদেরকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলার ক্ষেত্রে ফুয়েন্তেসই পালন করেন প্রধান ভূমিকা। ফুয়েন্তেস কেবল সাহিত্য বিষয়ক লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। মেহিকোসহ গোটা লাতিন আমেরিকার সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাস পুনরুদ্ধারেও ছিলেন প্রথম সারির ব্যক্তিত্বদের একজন। তার প্রবন্ধের বই ‘তিয়েম্পো মেহিকো’ এবং ‘এম্পেহো এনতেররাদো’ লাতিন আমেরিকাকে পাঠ্যপুস্তকের বাইরে থেকে সৃষ্টিশীল গভীর পাণ্ডিত্য থেকে দেখার দুই বিরল দৃষ্টান্ত। লাতিন আমেরিকা ও বিশ্বরাজনীতির নানান দিক নিয়ে লিখেছেন রাজনৈতিক কলাম। এসব লেখার একটি অসাধারণ সংকলন ২০০৪ সালে প্রকাশিত ‘কন্ত্রা বুশ’ বা বুশের বিরুদ্ধে । বাঙালী পাঠকদের অনেকে হয়তো জানেন না, এই বইটির মধ্যে রয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তার মন্তব্য। ২০০২ সালে প্রকাশিত ‘এন এন্তে ক্রেও’ নামক অন্য এক গ্রন্থে রয়েছে সত্যজিত রায়ের চলচ্চিত্রের প্রতি তার অনুরাগের কথা। ফুয়েন্তেস মেহিকোর লেখক হলেও তিনি চিন্তা চেতনায় ও চর্চার মাধ্যমে হয়ে উঠেছিলেন সত্যিকারের বিশ্ব নাগরিক। বেশ কয়েক বছর যাবৎ তিনি নোবেল পুরস্কারের সম্ভাব্য তালিকায় ছিলেন। অনেকেই মনে করেন মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনার জন্যই হয়তো তিনি এই পুরস্কারটি পাননি। তবে এই পুরস্কারটি না পেলেও লেখকের জন্য শ্রেষ্ঠতম পুরস্কার যে পাঠক-প্রিয়তা ও পাঠকের শ্রদ্ধা-ভালোবাসা, তা ফুয়েন্তেসের জন্য ছিলো বিপুল। বিশ্বব্যাপী অসংখ্য পাঠকদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরএ/এমআই/০১০০ ঘ.