কিয়েভ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শরীরের উপরের অংশের কাপড় খুলে ইউক্রেনে ইউরো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী।
শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি উন্মুক্ত স্থানে টুর্নামেন্টের ট্রফি প্রদর্শনীর সময় ইউলিয়া কোভপাচিক নামের ২৩ বছরের ওই তরুণী গায়ের টি- শার্ট খুলে ফেলেন। তখন তার শরীরে ‘ফাক ইউরো ২০১২’ লেখা দেখা যায়।
টি- শার্ট খোলার পর তিনি দুই হাত দিয়ে দুই ফুট উঁচু রুপালি রংয়ের ট্রফিটি তুলে নিতে চান। তখন নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়।
নিরাপত্তারক্ষীরা কোভপাচিকের শরীর একটি কাপড় দিয়ে ঢেকে তাকে পাশে থাকা একটি পুলিশ ভ্যানে উঠিয়ে নেয়।
ওই তরুণী কিয়েভভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ফিমেন উইমেনস রাইটস’ এর একজন সদস্য। এই সংস্থা মনে করে ফুটবল টুর্নামেন্টের ফলে তাদের দেশে যৌন বাণিজ্য বেড়ে যাবে।
জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১২ ফুটবল টুর্নামেন্ট পোল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে ইউক্রেন। আগামী ১ জুলাই কিয়েভে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে।
ফিমেন বলছে, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ইউক্রেনে যৌনতার ছড়াছড়ি হবে। পর্যটকরা আসায় এখানে রমারমা যৌন ব্যবসা চালু হবে।
এই ফুটবল আসরকে ঘিরে ইউক্রেনে ১০ লাখ বিদেশি পর্যটকের সমাগম ঘটবে বলে ধারণা করা হয়।
ফিমেনের পক্ষ থেকে করা এ ধরনের প্রতিবাদ এটাই প্রথম নয়। তাদের দৃষ্টিতে কোনো কিছু রাজনৈতিক অবিচার, সামাজিক নিপীড়ন এবং নারীর ওপর নির্যাতন মনে হলে প্রকাশ্যে নগ্ন বক্ষ প্রদর্শন করে তার প্রতিবাদ জানায়।
ফিমেনের মুখপাত্র আন্না গুটসোল বলেন, ২৩ তম জন্মদিনে এ প্রতিবাদ জানিয়েছেন কোভপাচিক। সোমবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে আটকের কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এর জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ১৫ দিনের আটকাদেশ ও কিছু অর্থদণ্ড দেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২২ঘ.
bdnews24