ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে তুষারঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৪০ জন নিহত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানায়।
বৃহস্পতিবার বিকালে প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড় ও বৃষ্টির কারণে এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।
সিনহুয়া জানায়, ঝড়ে সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ হাজার মানুষকে নিরপাদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ঝড়ে মিনজিয়ান কাউন্টি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জানিয়ে সিনহুয়া বলেছে, সেখানে ইতোমধ্যে ত্রাণ সহায়তা পৌঁছেছে।
মিনজিয়ানের কর্মকর্তারা বলেন, ঝড়ে যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে ভেঙে পড়ার পাশাপাশি বাড়িঘর ধ্বংস ও ফসলের ক্ষতি হয়েছে।
দুর্গতদের মাঝে কম্বলসহ অন্যান্য ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুই হাজার কর্মকর্তা ও আটশ’ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এএইচ/১৪০৪ ঘ.
bdnews24