কাবুল, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে জঙ্গি হামলা ও বোমা বিস্ফোরণে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর তিন সেনা নিহত হয়েছে।
এছাড়া অসুস্থতাজনিত কারণে ন্যাটোর আরেক সেনা নিহত হয়েছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্স-আইএসএএফ) এক বিবৃতিতে বলা হয়েছে।
শনিবার এই চার সেনার মৃত্যুতে এ মাসে দেশটিতে নিহত ন্যাটো সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় দুজন এবং দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়। আর চতুর্থজনের মৃত্যু হয়েছে অসুস্থতাজনিত কারণে।
তবে নিহত সেনাদের নাম বা তাদের কারোর জাতীয়তা জানাতে পারেনি আইএসএএফ।
২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর পর এ পর্যন্ত সেখানে এক হাজার নয়শ’ ৫৯ জন মার্কিন সেনাসহ ন্যাটো বাহিনীর দুই হাজার নয়শ’ ৯০ জনের বেশি সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১০২৩ ঘ.
bdnews24