কারাকাস, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ দেশে ফিরে বলেছেন, ক্যান্সার চিকিৎসার জন্য তিনি সফলতার সঙ্গে রেডিওথেরাপির কোর্স শেষ করেছেন।
শুক্রবার রাতে রাজধানী কারাকাসে পৌঁছে তিনি তার সরকারের মন্ত্রীদের বুকে জড়িয়ে ধরেন। এ সময় টেলিভিশন ক্যামেরার সামনে তাকে গান গাইতে দেখা যায়।
কিউবা ছাড়ার আগ মুহূর্তে সন্ধ্যায় বিমানবন্দরে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে শ্যাভেজের হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি প্রকাশ করেছে ভেনেজুয়েলা।
কারাকাসে সাংবাদিকদের শ্যাভেজ বলেন, “চিকিৎসকদের পরিকল্পনামতো গত কয়েক দিনে আমরা সফলতার সঙ্গে রেডিওথেরাপির কোর্স শেষ করেছি।”
চিকিৎসার এ পর্বে ১১দিন কিউবায় কাটিয়ে আসার পর তিনি বলেন, “চিকিৎসার মাধ্যমে যে ফল আসবে বলে আমাদের প্রত্যাশা ছিলো তার প্রতি আমি গভীরভাবে আশাবাদী।”
আগামী দিনগুলোতে কঠোরভাবে চিকিৎসকদের পরামর্শ মেনে চলবেন বলে জানান তিনি।
১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন ৫৭ বছর বয়সী শ্যাভেজ। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও লড়ার ব্যাপারে তিনি আশাবাদী।
গত ফেব্র“য়ারিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাউয়া বলেন, শ্যাভেজের শরীরে একটি সফল অস্ত্রোপচার হয়েছে। গত বছর অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে একটি টিউমার বের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/১৮৪৫ ঘ.
bdnews24