ওয়াশিংটন, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রগামী বিমান ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে আল-কায়েদা যাকে অন্তর্বাস বোমা হামলার জন্য পাঠিয়েছিল, তিনি মূলত একজন ‘ব্রিটিশ নাগরিক’ এবং ব্রিটেনের দুটি প্রধান গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে সন্ত্রাসবিরোধী কয়েকটি সংস্থার সূত্র শুক্রবার রয়টার্সকে জানায়, আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ইয়েমেন শাখার সঙ্গে জড়িত ওই ‘ডাবল এজেন্ট’ খুব সম্ভবত সৌদি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক।
এই এজেন্ট সিআইএ’র চর হিসাবে ওই জঙ্গি সংগঠনে যোগ দেন বলে জানানো হয়েছিলো আগের খবরে।
আর এবার তাকে ব্রিটিশ গোয়েন্দাদের চর বলে জানানো হল। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো তাকে নিয়োগের ব্যাপারে অতপ্রতোভাবে জড়িত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ।
আগের খবরে জানানো হয়, একিউএপি ইয়েমেন শাখা থেকে প্রশিক্ষণের পর বোমা নিয়ে গত এপ্রিলে মার্কিন গোয়েন্দাদের হাতে তুলে দেন এই ‘ডাবল এজেন্ট’।
নিউ ইয়র্ক টাইমস জানায়, আল-কায়েদার কাছ থেকে বোমাটি নিয়ে হামলা চালানোর বদলে তা সিআইএ ও সৌদি আরব কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সেই ‘চর’।
সোমবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও জানায়, তারা একটি ‘অর্ন্তবাস’ বোমা উদ্ধার করেছে, যা ব্যবহার করে আল-কায়েদার জঙ্গিরা একটি যাত্রীবাহী বিমান ধ্বংসের পরিকল্পনা করেছিল।
ওদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের গোয়েন্দারাই আল-কায়েদায় ঢুকিয়েছিল।
আল কায়েদার নতুন এ পরিকল্পনা সিআইএ ও সহযোগী বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিতভাবে উদঘাটন করার কথাও ইতোপূর্বে জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওই সময় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর নাম প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
আল কায়েদার বিরুদ্ধে গোপন এ অভিযানে ব্রিটেনের ভূমিকা প্রকাশ না করার জন্য ওবামা প্রশাসনের ওপর ব্রিটিশ কর্তৃপক্ষের চাপের কারণেই প্রাথমিকভাবে বিদেশি গোয়েন্দাসংস্থার নাম প্রকাশ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এ অভিযানে সৌদি আরবের একটি প্রধান ভূমিকা ছিল বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল।
কিন্তু এ ঘটনায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই যে প্রধান তা এখন বের হয়ে এল। ব্্িরটেনের এমআই ফাইভ ও এমআই সিক্সটিন ভূমিকাই প্রধান বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো।
এর আগে ২০০৯ সালেও একই ধরনের একটি হামলার চেষ্টায় ব্যর্থ হয় আল-কায়েদার এক আত্মঘাতী সদস্য। এবারের অন্তর্বাস বোমাটি ছিল আগেরটিরই উন্নত সংস্করণ, যা বিমানবন্দরের স্ক্যানারকেও ফাঁকি দিতে পারে।
‘অর্ন্তবাস বোমা’ ব্যবহারের প্রথম ঘটনা ঘটে সৌদি আরবের সন্ত্রাস-বিরোধী জ্যেষ্ঠ কর্মকর্তা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ হত্যার চেষ্টায়। এক হামলাকারী নিজের অর্ন্তবাসের ভেতরে একটি বোমা নিয়ে সৌদি কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করে। আত্মঘাতী ওই হামলায় হামলাকারী নিহত হলেও বেঁচে যান মোহাম্মদ বিন নায়েফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24